সংকট জয় করার আহ্বান জানানো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে আজ শুরু হচ্ছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ২৯তম অধিবেশন। সকাল ১০টায় মুন্সি মেহেরুল্লাহ ময়দানে (যশোর টাউন হল মাঠ) সহস্র কণ্ঠে জাতীয় সংগীত ও বোধন সংগীত গাওয়ার মধ্য দিয়ে শুরু হবে তিন দিনের অধিবেশন। এরই মধ্যে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের শিল্পী ও প্রতিনিধিরা যশোরে পৌঁছে গেছেন। এবারের অধিবেশন নিয়ে কথা হলো এই সংগঠনের সহসভাপতি মিতা হকের সঙ্গে।এবারের অধিবেশনের বোধন সংগীত কোনটি?বোধন সংগীত হলো ‘সংকোচের বিহ্বলতা নিজেরে অপমান’। আর স্লোগান হলো ‘সংকটের কল্পনাতে হয়ো না ম্রিয়মাণ’। এ বিষয়গুলো নির্বাচনের ক্ষেত্রে মননের ব্যাপার থাকে। সাধারণত জাতীয় ও ব্যক্তিগত জীবনের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়কেই আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। সেদিক থেকে এবারের বিষয় দুটি খুবই প্রাসঙ্গিক। যেকোনো সংকটে আমরা যেন অবসন্ন কিংবা বিচলিত হয়ে না পড়ি। এতে মানুষের শক্তিকে অপমান করা হয়। সংকট মানুষকেই জয় করতে হবে।গান ছাড়া এবার আর কোনো আয়োজন থাকছে?হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা চিত্রকলার সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেওয়ার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। ‘কবিগুরু রবীন্দ্রনাথের শত ছবির প্রদর্শনী’ শুরু হচ্ছে আজ থেকেই। এ ছাড়া মুক্তিযুদ্ধের সময় যশোরের আলোকচিত্রী মোহাম্মদ শফির তোলা আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সঙ্গে থাকছে ১৯৯৮ সালে যশোরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনে বোমা হামলার ছবি নিয়ে প্রদর্শনী। এ ছাড়া গত ২৮টি অধিবেশনের পোস্টার ও সংগীত সংস্কৃতি সংকলনের প্রদর্শনী থাকবে। পুরো আয়োজনে কতজন শিল্পী অংশ নিচ্ছেন?জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ৫০টি জেলা শাখা থেকে আসছেন ২৫০ জন প্রতিনিধি। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে গান করার জন্য আসবেন তিন শতাধিক শিল্পী। শুধু রবীন্দ্রসংগীত নয়, নজরুলসংগীত, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন এবং অতুল প্রসাদের গানও থাকবে। নাচ তো আছেই। এবার সঙ্গে আরও থাকবে যশোর এলাকার লোকগানের পরিবেশনা। সেমিনারের বিষয় কী?‘সংস্কৃতি সমন্বিত শিক্ষা’। এ বিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করবেন আহমদ মুস্তফা কামাল। এ ছাড়া আরও থাকবে ‘রবিরশ্মি বক্তৃতা’। এবার যশোরের প্রবীণ শিক্ষক গৌরগোপাল হালদারকে সম্মাননা জানানো হবে।