সংকটে প্রভা
‘আমার সঙ্গে একটি ছেলের সম্পর্ক হয়। একসময় তা প্রেম পর্যন্ত গড়ায়। আমাদের এ প্রেমকে পারিবারিকভাবে স্বীকৃতি দেওয়ার সময় ঘটে বিপত্তি। আমাদেরই এক বন্ধু হঠাৎ একটা জটিলতা তৈরি করে। এতে ক্ষণিকের জন্য বিয়েটা পিছিয়ে যায়।’ কথাগুলো বলছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রভা। এমনই এক সংকট প্রভাকে পার করতে দেখা যাবে ইমদাদুল হক মিলনের লেখা ও চয়নিকা চৌধুরীর পরিচালনার নাটক দেখা হলো ভালোবাসা বেদনায়। সামান্য সংকট থাকলেও পরে পরিবারের সবার সহযোগিতায় তা থেকে প্রভা রক্ষা পান। নাটকটি সম্পর্কে প্রভার মন্তব্য, ‘মিলন ভাইয়ের স্ক্রিপ্টে কাজ করতে আমি এমনিতেই পছন্দ করি। তা ছাড়া তাঁর লেখারও খুব ভক্ত আমি। এ স্ক্রিপ্টে কাজ করতে পেরে ভালোই লাগছে।’‘আর চয়নিকা বৌদির কথা কী বলব। উনি তো বরাবরই আমার কাছে একজন দারুণ মানুষ। তাঁর সঙ্গে কাজের মজাই আলাদা।’ নাটকটিতে প্রভার সহশিল্পী হিসেবে রয়েছেন অপূর্ব। চয়নিকা চৌধুরীর আরও ছয়টি নাটকে কাজ করছেন প্রভা। সেগুলো হচ্ছে, যারা বৃষ্টিতে ভিজেছিল, অপেক্ষা, সুরঞ্জনা, পাগলি তোমার জন্য ও রূপা। এসব নাটকে প্রভার সহশিল্পী হচ্ছেন মাহফুজ আহমেদ, আনিসুর রহমান মিলন, ইরেশ যাকের ও হিল্লোল।