সংকটে হাত-পা ছেড়ে দিই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপাশা হায়াত
বিপাশা হায়াত

আমার যত দোষ
 আমি খুব ভিতু প্রকৃতির মানুষ। তবে ভয়টা ভূত বা অশরীরীতে নয়, যাপিত জীবনের নানা সংকটকে ভয় পাই আমি। যেমন, পরিবারের কেউ হঠাৎ অসুস্থ হয়ে গেল। কিংবা অন্য যেকোনো সংকট। তাতেই একেবারে হাত-পা ছেড়ে দিই আমি। ভাবটা এমন, এই বুঝি সব শেষ হয়ে গেল!
 আমার সবচেয়ে বড় দোষ, নিজের অদম্য সাহসিকতা। পেশাগত কিংবা জীবনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আমি খুবই সাহসী। কিন্তু এই সাহসের পরিণামে আবার বিপদেও পড়তে হয়। একটা অভিজ্ঞতার কথা বলি। একবার পরিবারের সবাইকে নিয়ে বেড়াতে গিয়েছিলাম মালদ্বীপের  সমুদ্রসৈকতে। তৌকীর বাচ্চাদের নিয়ে বালুতে খেলছে। পানিতে সুন্দর কিছু মাছ দেখে আমি ছুটলাম সেগুলোর পেছনে। সাঁতার জানি না, অথচ নেমে গেলাম গভীর পানিতে। একসময় প্রায় ডুবেই যাচ্ছিলাম। পরে তৌকীর এসে উদ্ধার করে আমাকে। এই সাহস তো দোষই, তাই না?
 মানুষ হিসেবে আমি খুব আবেগপ্রবণ। জীবনকে খুব কাছ থেকে উপলব্ধি করতে ভালোবাসি। জীবন থেকে নিতে চাই আনন্দ ও চিত্তবিনোদনের যতটুকু সম্ভব। হয়তো সেই কারণেই মাঝেমধ্যে প্রচণ্ড আবেগী হয়ে যাই। বুদ্ধিটা কাজ করে না তখন। এটা কিন্তু দোষই বটে।

আমার যত গুণ
 মানুষকে সহজেই বিশ্বাস করি। এতে হয়তো অনেক ক্ষেত্রে ঠকতেও হয়। অবশ্য এ  নিয়ে আমার বিরাট কষ্ট আছে, এমনও নয়। মানুষকে বিশ্বাস করার শিক্ষা পেয়েছি ছোটবেলায়, মা-বাবার কাছে। মনে পড়ে ছোটবেলার স্মৃতি। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি লাইন দিয়ে বাংলা হাতের লেখার চর্চা করতাম, জীবনের শেষ দিন পর্যন্ত ওই লাইনটি মনের মধ্যে লালন করতে চাই, ‘মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ।’
 খুব চমৎকার রাঁধতে পারি আমি। শুধু দেশি খাবার নয়, বিভিন্ন দেশ ও অঞ্চলের খাবারের রান্নাতেও পরিবারে আমার বেশ নামডাক। নাহ্, নিজের গুণ নিজের মুখে বলতে আর ভালো লাগছে না!
গ্রন্থনা: সুজাত হোসেন