হাতের রেখা, ভাগ্যাকাশের তারা, গ্রহ-নক্ষত্রের অবস্থান—এসবের ওপর নির্ভর করে ভালো আর মন্দ থাকার হিসাবগুলো। এমন বিশ্বাস বলিউডের অধিকাংশ তারকার। কেউ মনে করেন নামের বানান বদলে দিলে পাল্টে যাবে ভাগ্যরেখা। কারও বিশ্বাস কোনো বিশেষ দিন-ক্ষণ-তারিখে। কেউ আবার নির্দিষ্ট পাথরে সুদিন ফিরে আসার ছবি দেখতে পান। কিন্তু বলিউডে এমন কিছু তারকা আছেন, যাঁদের ধারণা নির্দিষ্ট কিছু সংখ্যার সঙ্গে জড়িয়ে আছে তাঁদের ভাগ্য। তাই সেই সংখ্যার সঙ্গ কখনো ছাড়তে চান না তাঁরা। সৌভাগ্যদেবীর সাক্ষাৎ যদি কখনো পথিমধ্যে মিলে যায়! তাই গাড়ির নম্বর প্লেটেও সেই সংখ্যার উপস্থিতি তাদের চাই-ই চাই। যাতে করে চলতি পথে দেখা মিললেও ভাগ্যদেবী যেন মুখ ফিরিয়ে না নেন।

শহীদ কাপুর
অমিতাভ বচ্চনের মতো শহীদ কাপুরও তার জন্মতারিখকেই সৌভাগ্যের মূল বলে মনে করেন। ২৫ ফেব্রুয়ারি জন্ম তাঁর। আর ২ ও ৫ যোগ করলে হয় ৭। সেই ‘৭’ সংখ্যার দেখা মেলে তাঁর প্রতিটি গাড়ির নম্বর প্লেটে। শহীদ কাপুরের সম্প্রতি কেনা কাস্টমাইজড বাইক হারলি ডেভিডসনের নম্বর প্লেটেও দেখা গেছে ‘৭’ নম্বরটি।

সাইফ আলী খান
কারিনা কাপুরের শুভ সংখ্যা ‘৩’। তবে আরও একটি সংখ্যার সঙ্গে তাঁর ভাগ্যরেখা বারবার মিলে যায়। সংখ্যাটি হলো ‘৭’। কারণ কারিনার সাবেক প্রেমিক শহীদের জন্মসংখ্যা ‘৭’। আবার স্বামী সাইফের জন্মসংখ্যাও
তা-ই। শহীদের মতো সাইফ তার প্রতিটি গাড়ির নম্বর প্লেটে ‘৭’ সংখ্যাটি অবশ্যই দেখতে চান।

শাহরুখ খান
মার্সিডিজ বেঞ্জ থেকে শুরু করে ফেরারি, লিমুজিন—শাহরুখের গ্যারেজে আছে অভিজাত সব গাড়ি। একটি গাড়ির সঙ্গে মেলে না আরেকটির মডেল। তবে মিল আছে এক দিক থেকে। সব গাড়ির নম্বর প্লেটেই আছে ‘৫৫৫’ সংখ্যাটি। শাহরুখের জন্য নাকি বেশ শুভ এই সংখ্যার সম্মিলন। কিন্তু কেন ‘৫৫৫’-এর প্রতি এত দুর্বলতা, তা প্রকাশ পায়নি এখনো।
অমিতাভ বচ্চন
জন্মসংখ্যার কারণে অমিতাভের আস্থা ‘২’ সংখ্যার ওপর। রোলস রয়েস থেকে বিএমডব্লিউ—তাঁর সব কটি গাড়ির নম্বর প্লেটেই ‘২’-এর দেখা মেলে। ‘২’-এর মাঝেই তিনি খুঁজে পান স্বস্তি। ১১ অক্টোবর অমিতাভ বচ্চনের জন্মদিন। জন্মতারিখের দুটো এক যোগ করলে হয় ২, সে কারণেই সংখ্যাটি নিয়ে এত ভাবনা বিগ বির।
রণবীর কাপুর
নিজের জন্মসংখ্যার প্রতি মোটেও আকর্ষণ নেই রণবীর কাপুরের। তবে একটা সংখ্যার প্রতি বিশেষ দুর্বলতা আছে তাঁর। বলিউডে রণবীরকে সবাই ‘মাম্মাস বয়’ বলে জানে। আসলেই তাই। মা নিতু সিং হলেন রণবীরের সাফল্যের উৎস। তাই মায়ের জন্মসংখ্যা ‘৮’-এর প্রতি বিশেষ আস্থা রণবীরের। এ অভিনেতার প্রিয় তিন গাড়ির নিবন্ধন নম্বরে ‘৮’ সংখ্যার উপস্থিতি তিনি নিশ্চিত করেছেন।