সংগীত উৎসবে মারপিটে জড়ালেন কুচার
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত স্টেজকোচ সংগীত উৎসবে এক নিরাপত্তাকর্মীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে খবরের শিরোনাম হয়েছেন মার্কিন অভিনেতা অ্যাস্টন কুচার। অবশ্য মারামারির এ ঘটনার জন্য কুচারকে নয়, নিরাপত্তাকর্মীকেই দায়ী করা হচ্ছে। উৎসব মঞ্চের কাছে ভিআইপি এলাকায় ছিলেন কুচার। সে সময় এক নারীভক্ত তাঁর সঙ্গে কুশল বিনিময় করে হাত মেলান। কুচার ভক্তের সঙ্গে কুশল বিনিময় করতে গেলেই গোল বাধে। এক নিরাপত্তাকর্মী ধাক্কা দিয়ে তাঁদের দুজনকে সরিয়ে দেন। এতে প্রচণ্ড ক্ষিপ্ত হন কুচার এবং ওই নিরাপত্তাকর্মীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানিয়েছে ‘টিএমজি’।সূত্রটি আরও জানায়, কুচারের এ মারমুখী আচরণের জন্য মোটেও দায়ী করা যাবে না তাঁকে। কারণ, বিনা উসকানিতে বিবাদের শুরুটা করেন ওই নিরাপত্তাকর্মী। তিনি কুচারকে উৎসবস্থল থেকে বের করে দিতেও উদ্যত হন। একপর্যায়ে তাঁদের মারামারি বেশ ভয়ংকর রূপ ধারণ করে। তখন কুচারের বন্ধুরা তাঁকে নিবৃত্ত করেন। এরপর সেখান থেকে চলে যান কুচার।