সংগীত উৎসবে ‘শ্যামা’
রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্যশ্যামার প্রধান উপজীব্য প্রেম। ‘বজ্রসেন’ ও ‘শ্যামা’ দুই মূল চরিত্র। চুরির অভিযোগে নিরপরাধ বজ্রসেনকে ধরে আনে প্রহরীরা। শ্যামা তাকে উত্তীয়র জীবনের বিনিময়ে মুক্ত করে। উত্তীয় ছিল শ্যামার প্রেমিক। তবু শ্যামা প্রথম দেখাতেই বজ্রসেনের প্রেমে পড়ে।গানে গানে এই কাহিনিই রবীন্দ্রনাথ রচনা করেছেন তাঁর শ্যামা নৃত্যনাট্যে। দ্বাবিংশ জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবের তৃতীয় দিন গতকাল শুক্রবার সন্ধ্যায় তা পরিবেশিত হলো কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে। রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে এ উৎসবের আয়োজন করে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা।শ্যামা পরিবেশন করে বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস। নির্দেশনা দেন কবিরুল ইসলাম। শ্যামা ও বজ্রসেনের চরিত্রে রূপদান করেন যথাক্রমে সাদিয়া ইসলাম ও কবিরুল ইসলাম। উত্তীয়র ভূমিকায় ছিলেন রণবীর সাহা।উৎসব কার্যক্রম শুরু হয়েছিল সকালে বিশেষ সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে। এতে সংগীত পরিবেশন করেন প্রমোদ, অজিত কুমার দাস, বাঁশরি দত্ত, শাহিন সুরাইয়া প্রমুখ।বিকেলে ‘বাংলাদেশে রবীন্দ্রসংগীত চর্চার ক্রমবিকাশ’ বিষয়ে আলোচনা করেন শিল্পী সংস্থার সভাপতি তপন মাহমুদ। এরপর ছিল আবৃত্তি ও সংগীতানুষ্ঠান। বিকেলে অধিবেশনে সংগীত পরিবেশন করেন লিলি ইসলাম, বিষ্ণু মণ্ডল, আদৃতা আনোয়ার, শারমিন রহমান প্রমুখ। শিল্পীরা ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘ছায়া ঘনাইছে বনে বনে’, ‘আমার মুক্তি আলোয় আলোয়’—এসব গান গেয়ে শোনান। এ ছাড়া রবীন্দ্রনাথের কবিতা ঝড়ের খেয়া আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়।