সংগীত থেকে চলচ্চিত্রে সামিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা লোকগানের কিংবদন্তি আব্বাসউদ্দীন আহমেদের দৌহিত্রী সামিরা আব্বাসীর প্রথম গজল অ্যালবাম রনজিস সহি প্রকাশিত হয়েছিল ২০০৭ সালে। একগুচ্ছ নির্বাচিত গজল, গীত, ঠুমরী ও প্রেমের গান নিয়ে সামিরা আব্বাসীর দ্বিতীয় অ্যালবাম শিগগিরই একই সঙ্গে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত হতে যাচ্ছে। সুজেয় শ্যামের সংগীত পরিচালনায় নতুন অ্যালবামটির কাজ প্রায় শেষ পর্যায়ে। এই অ্যালবামে বলিউডের সংগীত পরিচালক সামির ডাটের সুরে একটি নতুন গান গেয়েছেন সামিরা। রয়েছে অনেক শোনা কয়েকটি জনপ্রিয় গজলও। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘গম কা খাজানা’, ‘রাফতা রাফতা’, ‘তুম না জানে কিস জাঁহা মেঁ’, ‘আজ জানে কি জিদ না করো’। সামিরা আব্বাসী জানান, এবারই প্রথম চলচ্চিত্রে প্লেব্যাক করলেন। সংগীত আয়োজন করেছেন সানী জুবায়ের। ডিজিটাল ফরম্যাটের পূর্ণদৈর্ঘ্য সাদাকালো এই ছবির নাম আমরা একটা সিনেমা বানাব। এটির চিত্রনাট্য ও পরিচালনা করছেন আশরাফ শিশির। এ ছাড়া নির্মাতা দলের একজন হয়েও কাজ করছেন তিনি।গানের পাশাপাশি সামিরা চলচ্চিত্র নির্মাণেও ঝুঁকেছেন। সম্প্রতি তাঁর নির্মিত প্রামাণ্যচিত্র ওয়ান ড্রিম, মিলিয়ন স্মাইলস জাতিসংঘের সিটিজেন অ্যাম্বাসেডর প্রতিযোগিতায় মনোনীত হয়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে পেশায় পরিবেশ-প্রকৌশলী সামিরা বসবাস করছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।