সংগীত-নৃত্যে নজরুলবন্দনা
দ্রোহ ও প্রেমে কাজী নজরুল ইসলাম বাঙালির হূদয়ের খুব কাছের মানুষ। সমাজের নির্যাতিত, নিপীড়িত, মানবতার, বেদনা-বঞ্চনার কথা যেমন ফুটে উঠেছে তাঁর কালজয়ী লেখনীতে, তেমনি তাঁর সুরে অনুরণিত হয়েছে চিরন্তন হূদয়ানুভূতি। তাই জাতীয় কবির জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গতকাল যেমন এসেছিলেন গবেষক ও শিল্পীরা, তেমনি তাঁর অনুরাগীদের উপস্থিতিতেও ছিল মিলনায়তন পূর্ণ। গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে কবির ১১৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথ উদ্যোগে চতুর্থ জাতীয় নজরুল কনভেনশন ও ‘বিশ্বজনীন নজরুল’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানের প্রথমে আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। তিনি বললেন, ‘নজরুলের চিন্তা-চেতনা, সাহিত্যকর্ম আমাদের সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ জোগায়। নজরুলের বিভিন্ন কর্ম আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দিতে আমাদের সবাইকে কাজ করতে হবে।’স্বাগত বক্তব্য দেন কনভেনশন প্রস্তুত কমিটির আহ্বায়ক কাজী আবু জাফর সিদ্দিকী। আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্রের চেয়ারম্যান আসাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের আলোচক ছিলেন নজরুলসংগীতশিল্পী খালিদ হোসেন, কবি ও গবেষক খোন্দকার আশরাফ হোসেন, আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্রের নির্বাহী চেয়ারম্যান মুহম্মদ নূরুল হুদা। মুখ্য আলোচক ছিলেন নজরুল-গবেষক করুণাময় গোস্বামী। বিশেষ অতিথি ছিলেন নজরুল ইনস্টিটিউটের চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ গিয়াস উদ্দিন আহমেদ, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইরান দূতাবাসের কালচারাল কাউন্সিলর মোহাম্মদ ওরাই কারিমি, ভারতের শিল্পী শ্যামপ্রসাদ ও মাধবী মজুমদার। অনুষ্ঠানের প্রথম পর্বে বাংলাদেশের প্রখ্যাত নজরুল-গবেষক রফিকুল ইসলাম, শিল্পী সোহরাব হোসেন ও নজরুলসখা কবি মোহাম্মদ মঈনুদ্দিন (মরণোত্তর) এবং ভারতের নজরুলসংগীতশিল্পী দীপালি নাগকে নজরুল স্মৃতি সম্মাননা পদক প্রদান করা হয়। এরপর নজরুলের বিভিন্ন গান ও বিশিষ্ট ব্যক্তিদের কথা নিয়ে একটি সিডির মোড়ক উন্মোচন করেন অতিথিরা।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দেশ-বিদেশের বিভিন্ন শিল্পী ও নজরুল-গবেষকদের গান ও আলোচনার ধারণকৃত অংশ পর্দায় দেখানো হয়। এরপর সুরসপ্তকের শিশু শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করে ‘জয় হোক জয় হোক’ গানটি। এরপর রেবেকা সুলতানা গেয়ে শোনান ‘আমারে দেব না ভুলিতে’। এরপর আবার সমবেত সংগীত। হিন্দোল সংগীত একাডেমীর শিল্পীরা পরিবেশন করেন ‘ঝুম ঝুম ঝুমরা নাচ নাচে কে’ ও ‘আমি পূরব দেশের পুরনারী’। দোলনচাঁপা সংগীত একাডেমীর শিল্পীরা পরিবেশন করেন ‘সুন্দর অতিথি’ ও ‘তুমি কি দক্ষিণা পবন’।শিল্পী সুজিত মোস্তফা গেয়ে শোনান ‘তোমারে আমি চাহিয়াছি প্রিয়’ গানটি। মুনতারিন মহল পরিবেশন করেন ‘চাঁদ হেরিছে’।এ ছাড়া দলীয় নৃত্য ও সংগীত পরিবেশন করেন বুলবুল ললিতকলার শিল্পীরা। অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন নাশিদ কামাল, এম এ মান্নান, ফাতেমা-তুজ-জোহরা, ইসমত জাহান, শহীদ কবির, রাহাত আরা গীতি, রুমী আজনবী, ভারতের শিল্পী কাকলী সেন, মাধবী মজুমদার প্রমুখ।