সংগীত পরিচালক রবি চৌধুরী
শিল্পী রবি চৌধুরী এত দিন ছবিতে অন্যের সংগীত পরিচালনায় কণ্ঠ দিয়ে আসছিলেন । এবার তিনি একটি ছবিতে সব কটি গানের সুর ও সংগীত পরিচালনার কাজ করছেন। ছবিটির নাম ‘পুত্র এখন পয়সাওয়ালা’। পরিচালনা করছেন নার্গিস আকতার। এরই মধ্যে ছবির শুটিংও শুরু হয়েছে। এতে মোট নয়টি গান থাকবে। বেশির ভাগ গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। আরও আছেন কবির বকুল। এরই মধ্যে একটি গানের রেকর্ডিং শেষ হয়েছে। এতে কণ্ঠ দিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতা।রবি চৌধুরী জানান, ছবিটিতে কাজ করতে গিয়ে অনেকগুলো ভালোলাগা কাজ করেছে। প্রথমত, পুরো একটি ছবির সবগুলো গানের সুর ও সংগীত পরিচালনা তাঁর। এমনকি প্রথম ছবিতে নচিকেতার মতো শিল্পীকে দিয়ে গান গাওয়াতে পেরেছেন।রবি আরও বলেন, ‘এখানে যেমন স্বাধীনতা আছে ঠিক তেমনি রয়েছে ভালোভাবে কাজটি শেষ করার একটি তাড়না। আশা করছি দর্শক ও শ্রোতারা ভিন্ন রকম একটা স্বাদ পাবেন। ’জানা গেছে, ছবিটিতে সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি রবি চৌধুরী একটি গানে কণ্ঠও দেবেন ।