সংগীত পরিচালক হওয়ার ইচ্ছা আছে: তানজীম শরীফ
এবার ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ হয়েছেন তানজীম শরীফ। শেরাটন হোটেলের উইন্টার গার্ডেনে গতকাল বুধবার সন্ধ্যায় আয়োজন করা হয় এ প্রতিযোগিতার চূড়ান্ত অনুষ্ঠান। আজ থেকে সাত মাস আগে প্রায় ৫০ হাজার প্রতিযোগীকে নিয়ে এবারের চ্যানেল আই সেরা কণ্ঠের যাত্রা শুরু হয়েছিল। এই দীর্ঘ সাত মাস বিভিন্ন চড়াই-উত্রাইয়ের পর গতকাল বিজয়মালা পরে নেন ময়মনসিংয়ের ছেলে তানজীম শরীফ। চ্যানেল আই সেরা কণ্ঠ হওয়ার পর অনুভূতিটা কেমন জানতে চাইলে তানজীম বলেন, ‘অনুভূতিটা নিঃসন্দেহে অনেক আনন্দের। প্রায় সাত মাস আগে সবাই মিলে যে যুদ্ধটা শুরু করেছিলাম, তার পুরো আনন্দটাই এখন আমাকে ঘিরে—এটা ভাবতেই অন্য রকম লাগছে। আমি আব্বু-আম্মুর কাছে অনেক বেশি কৃতজ্ঞ। তা ছাড়া আমার এলাকার মানুষজন, বন্ধুবান্ধব থেকে শুরু করে আত্মীয়স্বজন ও দেশবাসী—সবাই মিলে যে সহযোগিতা করেছেন, তার জন্যই এত দূর আসতে পেরেছি। প্রথম আলো বন্ধুসভার ময়মনসিংয়ের সদস্যদের কাছেও আমি কৃতজ্ঞ। মজার ব্যাপার হলো, এবার চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতার প্রথম চারজনের মধ্যে আমি, খেয়ালী আর দীপ্তি প্রথম আলো বন্ধুসভার বন্ধু। তাই আনন্দের মাত্রাটা অনেক গুণ বেড়ে গেছে।’গতকালের এ উত্সবে বিজয়ের মুকুট ছিনিয়ে নিলেও প্রতিযোগিতার সেরা সাতে এসে একবার বাদ পড়ে গিয়েছিলেন তিনি। তখন অবশ্য কিছুটা হতাশও হয়ে গিয়েছিলেন তিনি। তারপর অবশ্য আবার দর্শকদের এসএমএস এবং বিচারকদের পুনর্মূল্যায়নের মাধ্যমে সেরা সাতে জায়গা করে তানজীম।চ্যানেল আই সেরা কণ্ঠের এবারের চ্যাম্পিয়ন তানজীমের নানার পরিবারের সবাই সংস্কৃতিমনা। খালা কোহিনূর খানের কাছেই তাঁর গানের হাতেখড়ি। এরপর তিনি গান শেখেন মাসুদ করিম, আনোয়ার হোসেন ও সাবেরী স্যারের কাছে। তা ছাড়া স্কুল পর্যায় থেকেও মুগ্ধ গান করতেন। স্কুলের ঘরোয়া অনুষ্ঠানে প্রথম গান করে। ওই সময় তানজীমের স্কুলে প্রিন্সিপাল তাঁর মা-বাবাকে অনুরোধ করেছিলেন, নিয়মিত যেন গানটা চালিয়ে নেওয়ার জন্য। তারপর ওই স্যারের কথামতো মা-বাবাও তাঁকে গানের স্কুলে ভর্তি করিয়ে দেন। এভাবেই আস্তে আস্তে গানের সঙ্গে জড়িয়ে যায় তানজীম।গানের বাইরেও তানজীম আবৃত্তির সঙ্গেও জড়িত আছেন। এ ছাড়া প্রথম আলোর গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত সময়ে চারবার চ্যাম্পিয়ান এবং একবার রানার্সআপ হন। এ ছাড়া ২০১০ সালে প্রথম আলো গণিত অলিম্পিয়াডে সেরাদের সেরা হওয়ার গৌরব হওয়ার অর্জন করেন তিনি। গান নিয়ে ভবিষ্যত্ পরিকল্পনা কী জানতে চাইলে তানজীম বলেন, ‘সেরা কণ্ঠ হওয়ার পর দায়িত্বটা এখন অনেক গুণ বেড়ে গেছে। ভালো শিল্পী হওয়ার জন্য এলে যা কিছু প্রয়োজন, তার সবই করতে চাই। তবে পড়াশোনাকে অবশ্যই অগ্রাধিকার দেব। আমি এখন নটর ডেম কলেজে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষ বিজ্ঞান বিভাগের ছাত্র। ভবিষ্যতে সংগীত পরিচালক হওয়ার ইচ্ছা আছে।’