সংগীত মহাযজ্ঞের প্রথম সন্ধ্যাকে বর্ণিল করে দিলেন মালবিকা সারুক্কাই

বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব-২০১৪-এর মহোৎসবে যোগ দিতে শ্রোতা-দর্শক সন্ধ্যার আগে থেকেই রাজধানীর আর্মি স্টেডিয়ামমুখী। সন্ধ্যার পরপরই সমাগম ঘটে যায় কয়েক হাজার দর্শকের। তারপর শুরু হয় (আজ বৃহস্পতিবার সন্ধ্যায়) পাঁচ দিনব্যাপী সংগীত মহাযজ্ঞের।
উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান ও স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী উপস্থিত ছিলেন। তাঁদের দাবি, বেঙ্গলের এই আয়োজন বিশ্বের সর্ববৃহৎ আয়োজনে পরিণত হয়েছে। এই মুহূর্তে হাজার হাজার দর্শক-শ্রোতা করতালি দিয়ে তাঁদের বক্তব্যকে সমর্থন করেন।
পাঁচদিনের উৎসবের প্রথম দিনের সন্ধ্যায় দর্শক-শ্রোতাদের বর্ণিল মনকে শতরঙে রাঙিয়ে তোলেন ভারতীয় ভরতনাট্যম শিল্পী বিদুষী মালবিকা সারুক্কাই। কর্নাটকি উচ্চাঙ্গ সংগীতের বোলের সঙ্গে মৃদঙ্গম ও ঘটমের তাল এবং বেহালা সুরে নৃত্যশৈলি প্রদর্শন করে আসরকে নিজের করে নেন এই শিল্পী।
সন্ধ্যার পর মহোৎসব শুরু হয় সম্মিলিত শিল্পীদের গাওয়া বাংলাদেশের জাতীয় সংগীত দিয়ে। শিল্পীদের দলে ছিলেন ইফফাত আরা দেওয়ান, ইয়াকুব আলী খান, অদিতি মোহসীন, প্রিয়াঙ্কা গোপ, সুবীর নন্দী, ফরিদা পারভীন, লাইসা আহমেদ, ইয়াসমীন মুশতারী, চন্দনা মজুমদার, শাহীন সামাদ, মহিউজ্জামান চৌধুরী, মিতা হক, ঝুমা খন্দকার, শামা রহমান, বুলবুল ইসলাম প্রমুখ। এছাড়াও শিল্পীরা এমন দেশটি কোথাও খঁুজে পাবে নাকো তুমি এবং ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি গান দুটি গেয়ে শোনান।
সম্মেলক গানের শেষে শিল্পীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের।
এরপর তবলা বাদন শোনান শিল্পী অজিঙ্কা যোশী। তাঁকে হারমোনিয়ামে সহযোগিতা করেন গৌরব চট্টোপাধ্যায়।
তবলার লহরা শেষে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, আজ থেকে পাঁচদিন আমরা অন্য এক জগতে বিচরণ করব। ১৯৫৩ সালে প্রথম ওস্তাদ আলাউদ্দিন খাঁর কণ্ঠে উচ্চাঙ্গ সংগীত শুনে মুগ্ধ হয়েছিলাম। তারপর থেকে মন্ত্রমুগ্ধ হয়ে আছি।
আবুল খায়ের বলেন, ভারতীয় উচ্চাঙ্গ সংগীত সারা বিশ্বে যাঁরা পরিচয় করিয়েছেন, তাঁরা সবাই বাঙালি। তাই বেঙ্গল ফাউন্ডেশন মনে করে আগামীতেও বাংলাদেশের উচ্চাঙ্গ শিল্পীরা আন্তর্জাতিক বিশ্বে নেতৃত্ব দেবেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ, সৈয়দ মাহবুবুর রহমান ও অঞ্জন চৌধুরী।
আয়োজকেরা জানান, ২০১২ সালে প্রথম আসরে দর্শক হয়েছিল ৭০ হাজার। ২০১৩-তে সমাগম ঘটেছিল ১ লাখ ২০ হাজার দর্শকের। তাঁরা আশা করছেন, এবার দেড় লাখ দর্শক-শ্রোতার সমাগম ঘটবে।
বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত এই উৎসবকে কেন্দ্র করে আর্মি স্টেডিয়ামকে সাজানো হয়েছে বর্ণিলভাবে। গ্যালারির ওপরে স্থান পেয়েছে মহোৎসবে অংশ নেওয়া শিল্পীদের রঙিন আলোকচিত্র। মাঠের শেষ প্রান্তে স্থান পেয়েছে ওস্তাদ আলাউদ্দিন খান, আয়েত আলী খান, কালে খাঁ, হাফিজ আলী খান, ইনায়েত খান, পান্নালাল ঘোষ, বিলায়েত খান, আলী আকবর খান, রবি শঙ্কর, বাহাদুর হোসেন খান, শচীন দেব বর্মণ, উদয় শঙ্কর, বাহাদুর হোসেন খান, বারীন মজুমদার, পল্লী কবি জসিম উদ্দীনসহ প্রথিতযশা আরও অনেক শিল্পীর প্রতিকৃতি।