সংগীত সফরে চার দেশে গাইবেন মমতাজ
দুই সপ্তাহের জন্য দেশ ছাড়ছেন বাংলাদেশের ফোক সম্রাজ্ঞীখ্যাত কণ্ঠশিল্পী মমতাজ, উদ্দেশ্য সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ফ্রান্স ও স্কটল্যান্ড এই চারটি দেশে গানের অনুষ্ঠানে অংশ নেওয়া।এর আগে যুক্তরাজ্য ও ফ্রান্সে গেলেও সুইজারল্যান্ড ও স্কটল্যান্ডে এবারই প্রথমবারের মতো গান করতে যাচ্ছেন মমতাজ। প্রথম আলো ডট কমকে এ প্রসঙ্গে মমতাজ জানিয়েছেন, ২৫ মে সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হব। ২৭ মে সুইজারল্যান্ডের জুরিখে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে একটি কনসার্টে গান করব। তারপর সেখান থেকে যাব যুক্তরাজ্যে। তিনি আরও বলেন, ২৯ মে যুক্তরাজ্যের বার্মিংহামের একটি অনুষ্ঠানে গান করব। এরপর ৩ জুন যোগ দিতে হবে ফ্রান্সে বাংলাদেশ ইয়ুথ ক্লাবের আয়োজনে ‘বাংলার মেলা-লাল টিপ ব্লাস্ট’ শিরোনামের একটি অনুষ্ঠানে। সবশেষে ৫ জুন গান করব স্কটল্যান্ডে।’সফর প্রসঙ্গে মমতাজ বলেন, ‘বাইরে গান করতে গেলে একসঙ্গে বেড়ানোর কাজটাও হয়। এতে করে সেখানকার বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি। সত্যি কথা বলতে কি বাইরে না গেলে বোঝা যায় না বাংলা গান সেখানে কতটা জনপ্রিয়। প্রবাসীদের সামনে গান করার ক্ষেত্রে তাই ভালো লাগাটা অনেক বেশি কাজ করে।’ জানা গেছে, চার দেশের চারটি অনুষ্ঠানের মধ্যে সুইজারল্যান্ড ও ফ্রান্স, এ দুটি দেশে মমতাজের পাশাপাশি বাংলাদেশের আরেক গুণী কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীনও গান গাইবেন।সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ফ্রান্স ও স্কটল্যান্ড—এই চার দেশের গানের অনুষ্ঠান শেষে আগামী ৭ জুন ঢাকায় ফিরবেন মমতাজ।