সংগীতশিল্পী হাসান
অভিনয়শিল্পী আ খ ম হাসান এবার গান করছেন। কোনো নাটকে নয়, গান করছেন অডিও অ্যালবামে। মিশ্র এই অ্যালবামে আরও গান করেছেন ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী ও শামীম জামান। প্রচলিত লোকগানের সুরে শামীম জামানের লেখা গানটি হলো ‘ফরিদপুরের পাটালি গুড়, বরিশালের বালাম চাল/ দিনাজপুরের মিহি দানা মুখে দিলে ধরে গাল’। সম্প্রতি সত্যগীতি স্টুডিওতে ধারণ করা হয় গানটি।আ খ ম হাসান বললেন, ‘আমি অনেক আগে থেকেই গান করি। তখন দশম শ্রেণীর ছাত্র। নাটকের সঙ্গে তখনো জড়িত হইনি। ওই সময় টিউশনি করে টাকা জমিয়ে ওস্তাদের কাছে গান শিখতাম। নারায়ণগঞ্জে আরতি ধরের কাছে অনেক দিন পল্লিগীতি শিখেছি। তবলাও শিখেছিলাম। কিন্তু গানটাই নিয়মিত চর্চা করতাম।’স্টুডিওতে প্রথম গান করার অভিজ্ঞতা প্রসঙ্গে বললেন, ‘এভাবে আগে কখনো গান করিনি। তবে গাওয়ার পর মনে হলো, কঠিন কোনো কাজ না। যেখানেই ভুল হচ্ছে কিংবা ঠিকমতো গাইতে পারিনি, সেই অংশটুকু কেটে কেটে রেকর্ডিং করা হলো। পুরো ব্যাপারটা কিন্তু আমার কাছে নাটকের শুটিংয়ের মতোই মনে হলো। অ্যালবামে আমি একটিই গান করেছি। আরও একটি করার কথা ছিল। সময়ের অভাবে পারিনি।’ হাসান জানালেন, এরই মধ্যে এবারের ঈদের জন্য সাতটি নাটকের কাজ শেষ করেছেন। আরও প্রায় সাত-আটটির কাজ করতে হবে। তবে এবার ঈদে তিনি সর্বাধিক তিনটি নাটক করেছেন সালাহউদ্দিন লাভলুর।