সংগীতশিল্পীদের ঈদ-ব্যস্ততা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমার বিশ্বজিত্, বাপ্পা মজুমদার, হূদয় খান, পড়শী
কুমার বিশ্বজিত্, বাপ্পা মজুমদার, হূদয় খান, পড়শী

আর কদিন পরই শুরু হচ্ছে রমজান মাস। বরাবরের মতো এবারও রোজার আগে থেকেই ঈদ অ্যালবামের প্রস্তুতি নিচ্ছেন সংগীতশিল্পীরা। তবে গত কয়েক ঈদের তুলনায় এবারের ঈদে হয়তো তারকা শিল্পীদের উপস্থিতির সম্ভাবনা একটু বাড়তে পারে। শিল্পী ও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো অ্যালবাম তৈরি ও প্রকাশ নিয়ে নানা মাত্রার কার্যক্রমে দারুণ ব্যস্ত এখন। প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সংগীতা, জি সিরিজ, লেজার ভিশন ও সিডি চয়েস কর্তৃপক্ষ এরই মধ্যে নিজেদের অ্যালবামের তালিকা তৈরির কাজ শুরু করে দিয়েছেন। শেষ মুহূর্তে কিছু এদিক-সেদিক হতে পারেও বলে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধারেরা। এর মধ্যে অবশ্য কিছু কিছু সংগীতশিল্পী ব্যানার চূড়ান্ত করেছেন। আবার অনেক শিল্পী ডিজিটাল পদ্ধতিতে মুঠোফোন কিংবা ওয়েবসাইটে অ্যালবাম প্রকাশের কথাও ভাবছেন। সব মিলিয়ে ঈদ সামনে রেখে সাম্প্রতিক সময়ে অডিওশিল্পের কিছুটা নড়েচড়ে ওঠার আভাস পাওয়া যাচ্ছে। তারকা শিল্পীদের অ্যালবামের সংখ্যা হাতে গোনা হলেও গেল কয় বছরের হিসাব অনুযায়ী তা অনেকটাই সন্তোষজনক। গেল দুই-আড়াই বছর ঈদের মতো বড় উত্সবগুলোতে তারকা শিল্পীদের অ্যালবাম ছিল না প্রকাশের তালিকায়, যেমনটা শোনা যাচ্ছে এবারের ঈদ উপলক্ষে।  

এবারের ঈদে প্রকাশ পাচ্ছে এমন অ্যালবামের সম্ভাব্য তারকা শিল্পীরা হলেন কুমার বিশ্বজিত্, বালাম, মিলা, বাপ্পা মজুমদার, তাহসান, হূদয় খান, আরফিন রুমী, শফিক তুহিন, কিশোর, পড়শী, বেলাল, শহীদ প্রমুখ। এর মধ্যে প্রায় এক বছর ধরে কুমার বিশ্বজিতের নতুন একক তৈরি করছেন প্রিন্স মাহমুদ।

ঈদ সামনে রেখে কুমার বিশ্বজিতের অ্যালবামের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। বড় বাজেটের অ্যালবামটি এবার ডিজিটাল ও সিডি— দুভাবে প্রকাশ করার সম্ভাবনা রয়েছে।

আলোচিত সংগীতশিল্পী বালামের ‘ভুবন’ অ্যালবামটি এবারের ঈদে মুক্তির বিষয়টি অনেকটা নিশ্চিত বলে জানালেন বালাম। তিনি বলেন, ‘আর যা-ই হোক, এই ঈদে আর মিস হবে না। কারণ, আমার সব প্রস্তুতি সম্পন্ন।’

ঈদে অ্যালবাম প্রকাশের কথা ভাবছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানও। তাঁর নতুন ব্যান্ডের ‘তাহসান অ্যান্ড সুফিজ’ অ্যালবামের গানগুলো ডিজিটালি প্রকাশের পাশাপাশি সিডি আকারে প্রকাশের একটা উপায় খুঁজছেন বলেও জানালেন তাহসান।

অন্যদিকে, ঈদের আগেই চলচ্চিত্রের একটি গান ডিজিটালি প্রকাশ করেছেন গুণী শিল্পী বাপ্পা মজুমদার। তাঁর সংগীত পরিচালনায় ‘সত্তা’ চলচ্চিত্রের সব কটি গানও ঈদে প্রকাশিত হবে বলে জানিয়েছেন বাপ্পা।

গেল কয় বছর প্রায় প্রতি উত্সবেই অ্যালবাম প্রকাশ করেছেন আরফিন রুমী। সেই সূত্রে এই ঈদেও তিনি প্রকাশ করতে যাচ্ছেন তাঁর নতুন একক। রুমী জানান, ‘আমার নতুন একক অ্যালবামের কাজ শেষ করেছি অনেক আগে। দশম রোজায় অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দিতে পারব বলে আশা করছি।’

একইভাবে এবারের ঈদে একক অ্যালবাম প্রকাশের বিষয়টি এরই মধ্যে নিশ্চিত করেছেন শফিক তুহিন, হূদয় খান, কিশোর, পড়শী, বেলাল খান, শহীদ প্রমুখ। এর মধ্যে শফিক তুহিন ও কিশোরের অ্যালবামের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। রেকর্ড চলছে হূদয় খান, পড়শী, বেলাল, শহীদসহ অন্যদের।

এদিকে, সাড়ে তিন বছর ধরে নিজের সুর ও সংগীত পরিচালনায় নতুন একক অ্যালবামের কাজ গোছাচ্ছিলেন আলোচিত সংগীতশিল্পী মিলা। জানা গেছে, এরই মধ্যে নিজের নতুন একক ও পূর্ণাঙ্গ ভিডিও অ্যালবামের কাজ শেষ করেছেন তিনি। চলছে ভিডিও সম্পাদনার কাজ। মিলা বলেন, ‘সব ঠিকঠাক থাকলে ঈদে অবশ্যই অ্যালবামটি প্রকাশিত হবে। আর সে জন্যই এত দিন ধরে অপেক্ষা।’

ঈদে অ্যালবাম প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন ক্লোজআপ তারকা-খ্যাত  কণ্ঠশিল্পী শশী। অ্যালবামের সব কটি গান তৈরি হয়ে আছে বলেও জানান তিনি। এখন ভালো কোনো ব্যানার পেলেই নিজের একক অ্যালবামটি ঈদে শ্রোতাদের হাতে তুলে দিতে চান তিনি। 

সব মিলিয়ে এবারের ঈদে জনপ্রিয় শিল্পীদের অ্যালবাম প্রকাশের প্রস্তুতি ভালোই শোনা যাচ্ছে। শিল্পী ও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও জানা গেছে, শেষ মুহূর্তে রাজনৈতিক অস্থিরতা কিংবা অন্য কোনো কারণে এ অবস্থার হয়তো পরিবর্তন হতে পারে।