সংগীতা চৌধুরী ৫ প্রশ্ন
সম্প্রতি মঞ্চস্থ হয়েছে নাট্যকেন্দ্রের প্রযোজনা এক যে ছিল দুই চাকর। কার্লো গোলডোনির সার্ভেন্ট অব টু মাস্টারস থেকে নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন তারিক আনাম খান। এ নাটকে অভিনয় করেছেন সংগীতা চৌধুরী। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।

‘এক যে ছিল দুই চাকর’ প্রযোজনায় আপনি মেহেরুন্নিসা ও আবদুল্লাহ দস্তগীর নামে দুটি ভিন্ন চরিত্রে অভিনয় করেন। কীভাবে মঞ্চে রূপায়ণ করেন চরিত্র দুটি?
মেহেরুন্নিসা নাটকটির মূল চরিত্র। আর আবদুল্লাহ হলো মেহেরুন্নিসার ভাই। এটি একটি ছদ্মবেশী রহস্যময় চরিত্র। দুটি চরিত্র দুই ধরনের। মেহেরুন্নিসা তার প্রেমের জন্য সমাজ-সংসারের নানা ঝঞ্ঝাটকে আলিঙ্গনে প্রস্তুত। অন্যদিকে, আবদুল্লাহ একটি পুরুষ চরিত্র। চরিত্রটি তুলতে আমার অনেক কষ্ট করতে হয়েছে। একজন মেয়ে হয়ে মঞ্চে ছেলেদের চরিত্র ফুটিয়ে তোলা ছিল চ্যালেঞ্জের ব্যাপার। চ্যালেঞ্জটি আমি গ্রহণ করেছি। এ ক্ষেত্রে নির্দেশক তারিক আনাম খান ও আমার দলের সদস্যরা অনেক সাহায্য করেছেন।
আবদুল্লাহ দস্তগীর চরিত্রটি রূপায়ণের ক্ষেত্রে আপনার সন্তুষ্টি কতটুকু?
এখনো সন্তুষ্টির জায়গায় পৌঁছাতে পারিনি। মঞ্চে ছেলেদের মতো করে অঙ্গভঙ্গি, হাঁটাচলা, এমনকি মঞ্চে তলোয়ার নিয়ে যুদ্ধ পর্যন্ত করতে হয়েছে। ফলে একজন ছেলের মতো করে মঞ্চে চরিত্রটি যতটুকু নিখুঁতভাবে হওয়া দরকার, তা ততটা আশানুরূপ হয়নি বলে আমার নিজের কাছে মনে হয়। তবে আমার চেষ্টার কমতি নেই।
মেহেরুন্নিসা ও আবদুল্লাহ দস্তগীর—দুই চরিত্রের মধ্যে দর্শকের কাছ থেকে কোনটিতে বেশি সাড়া পচ্ছেন?
আবদুল্লাহ চরিত্রটিতেই বেশি সাড়া। আসলে বাস্তব জীবনে আমি যেমন, তা থেকে একেবারেই বিপরীত চরিত্রে এখানে আমাকে অভিনয় করতে হয়। এই ভিন্নতার কারণেও বোধ হয় চরিত্রটির প্রতি দর্শকের আগ্রহ বেশি।
নাট্যকেন্দ্রে যোগ দিয়েছেন কবে?
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ভালো কোনো নাট্যদলে কাজ করার ইচ্ছা ছিল। সেই সময় সুযোগ ঘটেনি। পড়াশোনা শেষে শুরু হয় কর্মজীবন। এর মধ্যে ২০০৪ সালে নাট্যকেন্দ্রে যোগ দিই। দলের প্রজাপতি নাটকেই আমার প্রথম কাজ। এরপর আরজচরিতামৃত, ডালিম কুমার, মৃত মানুষের ছায়া প্রভৃতি নাটকে অভিনয় করেছি।
থিয়েটার নিয়ে আপনার ভাবনা কী?
ছোটবেলা থেকেই একটি সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে বড় হয়েছি। থিয়েটার করতে চেয়েছি শৈশব থেকেই। এখন সেই সুযোগ যখন পেয়েছি, তখন যেভাবেই হোক থিয়েটারের সঙ্গে যুক্ত থাকতে চাই। আমি সামান্য মানুষ। এ দেশের জন্য কিছু করতে চাই। থিয়েটারের মাধ্যমে দেশের সাংস্কৃতিক উৎকর্ষে ভূমিকা রাখতে চাই।