সংগীতার বিরুদ্ধে ন্যান্সির প্রতারণার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতারণার শিকার হলেন সংগীতশিল্পী ন্যান্সি। আর তাঁর সঙ্গে এ প্রতারণা করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতা। এবার ঈদ উপলক্ষে সংগীতশিল্পী ন্যান্সির কোনো একক অ্যালবাম প্রকাশিত হয়নি। কিন্তু ন্যান্সির কোনো অনুমতি ছাড়াই এবার ঈদে তাঁর একটি একক অ্যালবাম বাজারে ছেড়েছে সংগীতা। ন্যান্সি অভিযোগ করে বলেন, ‘গত কয়েকমাস ধরে মিশ্র অ্যালবামের কথা বলে সুরকার ও সংগীত পরিচালক রুমী রহমান, পঞ্চম ও রাজীব আমার সাতটি গান রেকর্ড করেন। সঙ্গে আরও ছিল একটি চলচ্চিত্রের গানও। তাঁরা বলেছিলেন, গানগুলো শুধুমাত্র মিশ্র অ্যালবামেই ব্যবহার করা হবে। কিন্তু দুইদিন আগে পরিচিতজনদের মাধ্যমে জানতে পারলাম, আমার ওই আটটি গান নিয়ে একটি একক অ্যালবাম বাজারে ছেড়েছে সংগীতা। এর জন্য আমার কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেননি কর্তৃপক্ষ।’তিনি আরও অভিযোগ করে বলেন, ‘মাস দেড়েক আগে সংগীতা ঈদের জন্য আমার একটি অ্যালবাম বের করার আগ্রহ প্রকাশ করে। এ বিষয়টি নিয়ে সেলিম খান (সংগীতার কর্ণধার) সংগীত পরিচালক হাবিব ওয়াহিদের সঙ্গে আলোচনা করেন। কিন্তু আর্থিক দিকটি চূড়ান্ত না হওয়ায় সেলিম খান আমার অ্যালবাম প্রকাশের ব্যাপারে পিছিয়ে যান।’ ন্যান্সির এই অভিযোগের প্রেক্ষিতে সংগীতার কর্ণধার সেলিম খান বলেন, ‘ন্যান্সির সঙ্গে একক অ্যালবাম প্রকাশের ব্যাপারে কোনো আলোচনা চূড়ান্ত হয়নি ঠিকই, তবে আমরা মনে করেছি এবার ঈদে বাজারে তাঁর একটি একক অ্যালবাম থাকা উচিত। সেই দিকটি বিবেচনা করে আমরা ন্যান্সির একটি অ্যালবাম প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু আমাদের কয়েকটি মিশ্র অ্যালবামের জন্য গানগুলো প্রস্তুত ছিল, তাই সেগুলো নিয়ে একটি একক অ্যালবাম তৈরি করেছি। এক্ষেত্রে ন্যান্সির কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করিনি।’ ন্যান্সির প্রথম অ্যালবাম ভালোবাসা অধরা (২০০৯)। এরপর তার আর কোনো একক অ্যালবাম বাজারে আসেনি। ন্যান্সি জানান, এখন তাঁর দ্বিতীয় একক অ্যালবামের কাজ প্রায় শেষ পর্যায়ে। পুরো অ্যালবামটির সুর ও সংগীত পরিচালনা করছেন হাবিব ওয়াহিদ। আগামী ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি হচ্ছে অ্যালবামটি। আর এটি বাজারে আনবে ডেডলাইন মিউজিক।