সংগীতায়োজক পুতুল
২০০৮ সালে বাংলা নববর্ষ উপলক্ষে বের হয়েছিল ক্লোজআপ ওয়ান তারকা পুতুলের প্রথম অ্যালবাম সন্ধ্যা বাড়ির বারান্দায়। আড়াই বছর পর আসছে তাঁর দ্বিতীয়টি। নাম মাটির পুতুল। নিজের অ্যালবামের গানগুলোতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সংগীতায়োজন করেছেন পুতুল। লিখেছেন চারটি গান। সবকটি গানের সুর করেছেন আতিকুর রহমান।পুতুল বললেন, ‘শুরু থেকেই সংগীতায়োজক হওয়ার ইচ্ছা ছিল। পড়াশোনাও করছি সংগীত নিয়ে। এই অ্যালবামের মাধ্যমে নিজের একটা স্বপ্ন পূরণ হলো। ইচ্ছা আছে, এখন থেকে নিয়মিত সংগীতায়োজন করব।’ পুতুল এখন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভে (ইওডা) সংগীত বিভাগে সম্মান শেষ বর্ষে পড়াশোনা করছেন। অ্যালবামের গানগুলো নিয়ে বললেন, ‘পুরো অ্যালবামটিই লোকধাঁচের গান নিয়ে। আমার লেখা গানগুলোও সে রকমই। গানগুলোর সংগীতায়োজনে সেলটিক ফোকের প্রাধান্য দেওয়া হয়েছে। স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে সেলটিক ফোক প্রচলিত। আমি আমাদের দেশীয় বাদ্যযন্ত্রে সেলটিক ফোককে তুলে আনার চেষ্টা করেছি। গানগুলোর সঙ্গে ২০টির বেশি অ্যাকুয়েস্টিক বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছে।’