সংগীতে, অভিনয়ে আসছে পপ কিংয়ের সন্তানেরা
পিতার পদাঙ্ক অনুসরণ করে সংগীত আর অভিনয়ের জগতে পা রাখতে যাচ্ছে প্রয়াত পপতারকা মাইকেল জ্যাকসনের তিন সন্তান প্রিন্স (১৫), প্যারিস (১৪) ও ব্ল্যাংকেট (১০)।নিজেদের জন্য সুযোগ তৈরি করতে শিগগিরই একটি টেলিভিশন অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হচ্ছে জ্যাকসনের সন্ততিরা। এক খবরে এ তথ্য জানিয়েছে দ্য সান।জ্যাকসন পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জন্য বিশেষভাবে তৈরি এশিয়ার বিখ্যাত একটি কার্টুনে প্রিন্স, প্যারিস ও ব্ল্যাংকেট কণ্ঠ দেবে; আর সামনের বছর প্রিন্স ও প্যারিসকে ‘লুডন’স ব্রিজ’ ও ‘থ্রি কিজ’ নামের ছবিতে অভিনয় করতে দেখা যাবে।সূত্রটি জানিয়েছে, প্রিন্স ও প্যারিস তাদের বাবার পদাঙ্ক অনুসরণ করে চলচ্চিত্রে নিজেদের ক্যারিয়ার গড়তে চায়। স্কুল তাদের কাছে খুব একটা প্রিয় নয়।মাইকেল জ্যাকসনের বোন জ্যানেট জ্যাকসন এখনই প্যারিসের অভিনয়ে আসার বিষয়টি মেনে নিতে পারছেন না। জ্যানেটের যুক্তি হচ্ছে, ‘প্যারিসের বয়স কম। এ বয়সটা তার উপভোগ করা উচিত। লেখাপড়া চালিয়ে, অভিনয় শিখে বা বিদেশে গিয়ে পড়াশোনা করে তারপর এ পেশায় আসা উচিত। তার সামনে এখনো অনেক সময় পড়ে আছে; বয়স ১৮ পার হলে সে যেকোনো সিদ্ধান্ত নিতে পারবে।’