সংগীতে তপন চৌধুরীর ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে ছিল তপন চৌধুরীর সংগীতজীবনের ৪০ বছর পূর্তির আয়োজন l ছবি: প্রথম আলো
ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে ছিল তপন চৌধুরীর সংগীতজীবনের ৪০ বছর পূর্তির আয়োজন l ছবি: প্রথম আলো

অনেক দিন পর গানের অ্যালবাম নিয়ে ফিরে এলেন কণ্ঠশিল্পী তপন চৌধুরী। ফিরে এসে কৃতজ্ঞতায় বাঁধলেন সাত গুণীজনকে। নিজের জীবনের প্রথম সাত অর্জনের সঙ্গে জড়িয়ে তাঁরা। আনুষ্ঠানিকভাবে তাঁদের জানালেন শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।
গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে ছিল তপন চৌধুরীর সংগীতজীবনের ৪০ বছর পূর্তির আয়োজন। এদিন তাঁর জন্মদিনও। উপস্থিত হয়েছিলেন তাঁর সংগীতের সঙ্গীরা। এসেছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, চিত্রনায়ক আলমগীর, শিল্পী রুনা লায়লা, সৈয়দ আব্দুল হাদী, আইয়ুব বাচ্চু প্রমুখ।
তরুণ শিল্পীরা গান গেয়ে শুভেচ্ছা জানান তপন চৌধুরীকে। তাঁকে নিয়ে স্মৃতিচারণা করেন উপস্থিত গুণীজনেরা। স্বাগত বক্তব্য দেন শিল্পীর অ্যালবামের প্রকাশক বাংলা ঢোলের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক।
যাঁদের সম্মাননা স্মারক দেওয়া হয় তাঁরা হলেন সোলস ব্যান্ডে তাঁকে নিয়ে আসা ড্রামার সুব্রত বড়ুয়া রনি, শিল্পীর জনপ্রিয় গান ‘মন শুধু মন ছুঁয়েছে’র গীতিকার নকীব খান ও সুরকার ঝিলু খান, প্রথম অডিও অ্যালবামের সংগীতায়োজক আইয়ুব বাচ্চু, প্রথম গান গাওয়া সিনেমা ভাত দের পরিচালক আমজাদ হোসেন, প্রথম গাওয়া সিনেমার গানের সুরকার আলাউদ্দিন আলী এবং ‘পলাশ ফুটেছে শিমুল ফুটেছে’ গানের গীতিকার তাজুল ইসলাম। অনুষ্ঠানে অনুপস্থিত ঝিলু খানের পক্ষে সম্মাননা স্মারক নেন তাঁর ভাই নকীব খান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন লেখক-সাংবাদিক আনিসুল হক ও কণ্ঠশিল্পী দিনাত জাহান।