সংগীতের এক দিকপাল
সংগীতে আমার শুরুটা হয়েছিল যে মানুষটাকে দেখে, তিনি আজম খান। আমার চোখে যিনি সংগীতের এক দিকপাল। মনে পড়ে, ছিয়াত্তর সালের কথা। বিটিভির একটা অনুষ্ঠানে আজম খান গাইলেন বেশ কটি গান—হাইকোর্টের মাজারে, আলাল দুলাল, হে আল্লা হে আল্লারে...। তাঁর সঙ্গে গিটার বাজিয়েছিলেন নয়ন (প্রয়াত)। সেই অনুষ্ঠানটি দেখার পর থেকে আমার কেবলই মনে হতে লাগল, একটা গান এত সুন্দর করে গাওয়া যেতে পারে। এত সুন্দর করে গানের সঙ্গে গিটার বাজানো যেতে পারে। সেই থেকে বলতে গেলে আমি আজম ভাইয়ের ভক্ত হয়ে গেলাম। পাশাপাশি গিটার বাজানোর জন্যও পাগল হলাম। যা-ই হোক, যে মানুষটাকে নিয়ে কথা বলছি, তাঁর মতো এমন নির্লোভ, প্রচারবিমুখ বিনয়ী মানুষ আমি কম দেখেছি। ব্যান্ডসংগীতে যদি কাউন্টডাউন থাকে, তবে আজম খান সব নম্বরের ঊর্ধ্বে। আমি সব সময় বলি, যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন আজম খান থাকবেন। কারণ এই মানুষটি প্রায় একাই আমাদের রক্তের মধ্যে, ধমনির মধ্যে উচ্ছ্বাস জাগিয়েছেন, হিন্দোল সৃষ্টি করেছেন। তৈরি করেছেন একটা নতুন প্রজন্ম। বলা যায়, বাংলাদেশে পপধারার গান আর আজম খান একে অন্যের পর্পূিরক। আজ আজম খান দূরের দেশে চিকিৎসাধীন। তাঁর পাশে আমাদের দাঁড়াতে হবে। আমরা চাই, তিনি সুস্থ হয়ে দেশে ফিরে আসুন। আবার কণ্ঠে তুলুন আওয়াজ—রেল লাইনের ওই বস্তিতে...বাংলাদেশ।