সংগীতের সাগরে সুরের মুকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর নামটা কে রেখেছিলেন? ওই মানুষটাকে একটা স্যালুট দিতেই হচ্ছে। গীত সাগর—নামের মধ্যেই আছে যাঁর সুর আর সংগীতের প্রতি সাগরের মতো গভীর ভালোবাসার টান। সেই গীত সাগরই শেষ পর্যন্ত জিতে নিলেন এক্স ফ্যাক্টর ইন্ডিয়ার প্রথম মৌসুম। জাজ গুরু শ্রেয়া ঘোষালের গ্রুপের গীত সাগর ফাইনালে হারিয়ে দিয়েছেন সনু নিগমের গ্রুপের সীমা ঝা আর সঞ্জয় লীলা বানশালী গ্রুপের সাজদা সিস্টার্সদের। ২৭ বছর বয়সী গীত একসময় রেডিও জকি জিতেছেন আসলে জনতার ভোটে। সবচেয়ে বেশি খুদেবার্তা দিয়ে তাঁকে এগিয়ে দিয়েছে ভারতের জনগণই।এই জয়ের ফলে গীত সাগরের প্রাপ্তির ঝুলিটাও অনেক ভারী হয়ে গেছে। ৫০ লাখ রুপি পেয়েছেন তিনি; পেয়েছেন টাটা মানজা কার, সনির সঙ্গে লোভনীয় একটা চুক্তি এবং ভারতের জনপ্রিয় নির্মাতা করন জোহরের পরবর্তী সিনেমায় প্লেব্যাক করার সুযোগ। সবচেয়ে বড় প্রাপ্তি শেষটাই। কারণ, বলিউডের বিশাল পৃথিবীতে জায়গা করে নিতে চলেছেন গোয়ালিয়রের এই তরুণ।মজার ব্যাপার হলো, গীত সাগরের কিন্তু সংগীতশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরুর কোনো পরিকল্পনা ছিল না। আরও মজার ব্যাপার, গানের ওপর প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষাই নেই তাঁর। ছিল না সংগীতের মৌলিক বিষয়গুলো সম্পর্কে ধারণাও। সেই তিনিই লাখো প্রতিযোগীকে পেছনে ফেলে জিতে নিলেন বিশ্বের অন্যতম বড় আর জনপ্রিয় সংগীতবিষয়ক রিয়েলিটি শো।ভারতের একটি পত্রিকায় দেওয়া সাক্ষাৎ কারে গীত সাগর বলছিলেন সেই অভিজ্ঞতার কথা, ‘গানের ওপর আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। আমি আড়াই বছর আরজে হিসেবে কাজ করে পরে সেটি ছেড়ে দিয়েছি গানে ক্যারিয়ার গড়ব বলে। আমার পড়াশোনার বিষয় ছিল গান; কিন্তু গলার সমস্যার কারণে গানের ওপর কোনো প্রশিক্ষণ নেওয়া হয়নি। অবশ্য এ অনুষ্ঠানে আসার পর আমি আমার গানের গলা নিয়ে প্রচুর খেটেছি। এক্স ফ্যাক্টরে নির্বাচিত হওয়ার মাত্র কয়েক মাস আগে গানের বেসিকগুলো আমি শিখেছি। এখন আমি গানের ওপর প্রশিক্ষণ নিতে চাই। আমার খুব ইচ্ছা সনু নিগমের কাছ থেকে গান শিখব। কিন্তু তিনি যে ব্যস্ত, তাতে মনে হয় না তা সম্ভব হবে।’এর আগে ইন্ডিয়ান আইডলেও অংশ নিয়েছিলেন তিনি। সেরা ১৩০-এ জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেবার শিকে ছিঁড়েনি। এবার কিন্তু বিজয়ী হিসেবেই ঘোষিত হলো তাঁর নাম। দুরু দুরু বুকে ফল ঘোষণার সেই মুহূর্তের জন্য অপেক্ষা করার অনুভূতি সম্পর্কে গীত বলছিলেন, ‘আমার কল্পনাও যেন সীমা ছাড়িয়ে গিয়েছিল। আমি কোনো ভাষাই খুঁজে পাচ্ছিলাম না যখন আমার নাম ঘোষণা করা হলো। পুরো ব্যাপারটা ধাতস্থ হতে কিছুটা সময় লেগেছে। এখানে অনেক শিল্পীই আছেন, যাঁরা আমার চেয়ে ভালো। গানের ওপর তাঁদের বেশ ভালো প্রশিক্ষণও আছে। অবশ্য আমি সব সময় ভেবে এসেছি, এ অনুষ্ঠানে এমন একজনকে খোঁজা হচ্ছে, যাঁর মধ্যে সেই “এক্স ফ্যাক্টর”টা আছে। ভাগ্যও আমার পক্ষে গেছে।’পাল্টে গেছে তাঁর জীবনও। সাধারণ মানুষ থেকে কয়েক মাসের মধ্যেই তিনি এখন ভারতের জনপ্রিয় তারকাদের একজন। সামনে যাঁর উজ্জ্বল ভবিষ্যৎ । অবশ্য গীত জানালেন, ভবিষ্যৎ নিয়ে এখনো সেভাবে বিস্তারিত কোনো পরিকল্পনা তিনি করেননি। এখনো ভেবে উঠতে পারেননি ৫০ লাখ রুপি দিয়েই বা করবেন কী! ‘টাকা দিয়ে কী করব, এখনো ঠিক করিনি। আমার বাবা-মাকেই দিয়ে দেব। আর ভবিষ্যৎ পরিকল্পনাও সেভাবে করা হয়নি। তবে আমি গান গেয়ে যেতে চাই। প্লেব্যাক অবশ্য আমার খুব বেশি পছন্দ নয়। তবে যদি সবকিছু মিলে যায়, আমি চেষ্টা করে দেখব অবশ্যই। আমি আসলে ভালো গায়ক হয়ে উঠতে চাই। পুরো বিশ্বময় ঘুরে শো করতে চাই। দর্শকের সঙ্গে মুখোমুখি হয়ে গান করাই আমার কাছে বেশি ভালো লাগে।’ বলছিলেন গীত।তাঁর এই ইচ্ছা পূরণ হতে বেশি দিন লাগবে না। শিগগির বিশ্ব সফরে বেরিয়ে পড়বেন গীত। ভারত তো জয় করা হলোই, এখন হয়তো জয় করতে চান পুরো বিশ্বকেই! রাজীব হাসানটাইমস অব ইন্ডিয়া অবলম্বনে