সংগ্রহের সম্ভার ‘শিল্পের অলিন্দে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পাচার্য জয়নুল আবেদিন ও অধ্যাপক আবদুর রাজ্জাকের সখ্য, আড্ডা ও ভাববিনিময় কৈশোর থেকে পর্যবেক্ষণ করেছেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। সম্পর্কে আবদুর রাজ্জাকের ভাইপো তিনি। বালক বয়সের এই প্রত্যক্ষণ তাঁর মানসযাত্রায় ব্যাপক প্রভাব বিস্তার করে। গড়ে ওঠে শিল্পরুচি। তিনি দীর্ঘদিন দেশ-বিদেশের চিত্রকর্ম সংগ্রহ করেছেন। এ ছাড়া তাঁর প্রতিষ্ঠান বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে সংগ্রহ করা চিত্রশিল্পের ভান্ডারে জয়নুল আবেদিন, কামরুল হাসান, এস এম সুলতান, সফিউদ্দীন আহমেদ, মোহাম্মদ কিবরিয়া, আমিনুল ইসলাম, কাইয়ুম চৌধুরী, কাজী আবদুল বাসেত, মুর্তজা বশীরসহ দেশের অন্যতম প্রধান শিল্পীদের বহু বিরল কাজ যেমন রয়েছে, তেমনি রয়েছে নবীনদের চিত্রকর্মও। এসব নিয়েই গতকাল বৃহস্পতিবার বিকেলে শুরু হয়েছে ‘শিল্পের অলিন্দে’ নামের বিশেষ প্রদর্শনী।সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী, শিল্পী রফিকুন নবী ও জাপানের শিল্পী এরিকো ওসাকা।বক্তারা বলেন, বাংলাদেশের চিত্রকলা-আন্দোলনের কয়েক প্রজন্মের সৃষ্টি নিয়ে আয়োজিত হচ্ছে এই প্রদর্শনী। তাই এ প্রদর্শনী দেখার পর যেকোনো শিল্পানুরাগীর জন্য তা অভিজ্ঞতা হিসেবে কাজ করবে। প্রদর্শনীতে মোট শিল্পকর্মের সংখ্যা ৪৫। প্রদর্শনী চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। অভিবাসন নিয়ে ‘প্রশ্নবোধক’অবৈধ অভিবাসন প্রতিরোধে সবাইকে সচেতন ও সক্রিয় করতে তৈরি হয়েছে টেলিছবি প্রশ্নবোধক। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) উদ্যোগে স্টার সিনেপ্লেক্স মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হলো এর উদ্বোধনী প্রদর্শনী।বিদেশে যাওয়ার স্বপ্নে বিভোর এক তরুণের জীবনের গল্পই উঠে এসেছে এই টেলিছবিতে। বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা এক ছাত্র ঢাকায় মেসে থাকেন। এক তরুণীর প্রেমে পড়ে দেখতে থাকেন নানা স্বপ্ন। একপর্যায়ে তাঁর মেসের এক সঙ্গীর পরামর্শে ইতালি যাওয়ার পরিকল্পনা করেন তিনি। চলেও যান একপর্যায়ে। কিন্তু সেই যাওয়া ছিল ভুল পথে, অবৈধ পথে। তারপর তাঁর জীবনে নেমে আসে নানা দুর্ভোগ। একজন বুদ্ধিমান তরুণ কী করে এমন ভুল পথে পা দেন, সেই চিত্র দেখানো হয়েছে প্রশ্নবোধক টেলিছবির গল্পে। বাংলাদেশের হাজার হাজার তরুণ বিদেশে যাওয়ার স্বপ্ন দেখেন। নিজের ভাগ্য বদলানোর আশায় পা দেন নানা চক্রের ফাঁদে। কিন্তু সেই যাওয়া কি ঝুঁকিমুক্ত, না ঝুঁকিপূর্ণ? প্রশ্নবোধক টেলিফিল্মটির মাধ্যমে দর্শকদের সেই প্রশ্নেরই মুখোমুখি করা হয়েছে। উদ্বোধনী প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। আইওএমের দক্ষিণ এশীয় অঞ্চলের আঞ্চলিক প্রতিনিধি রাবাব ফাতিমা শুভেচ্ছা বক্তব্য দেন। উদ্বোধনী প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড সরকারের দাতা সংস্থা এসডিসির প্রধান জোসেফ গুনর্টান, বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি জাঁ জ্যাক ল্যাটুর, তথ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী। টেলিছবি প্রশ্নবোধক পরিচালনা করেছেন আদনান আল রাজীব। অভিনয়ে আছেন তিশা, আরেফিন শুভ, সোহেল খান, অপু প্রমুখ।এশীয় চারুকলা প্রদর্শনী আজ শুরুরাজধানীতে আজ শুক্রবার শুরু হচ্ছে চতুর্দশ দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী। প্রায় তিন দশক আগে শুধু এশিয়ার দেশগুলোর শিল্পকর্ম নিয়ে এ প্রদর্শনী শুরু হলেও ক্রমেই তা ছড়িয়ে পড়ে আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদর্শনীর উদ্বোধন করবেন।শিল্পকলা একাডেমীতে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেওয়া হয়। সম্মেলনে বলা হয়, প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিদেশি শিল্পীদের শিল্পকর্ম শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা ও ওসমানী স্মৃতি মিলনায়তন চিত্রশালায় প্রদর্শিত হবে। জাতীয় জাদুঘর চিত্রশালা এবং রাজধানীর অন্যান্য চিত্রশালাও উৎসবকে উপলক্ষ করে প্রদর্শনী ও নানা কর্মসূচি হাতে নিয়েছে। বাংলাদেশসহ ২৭টি দেশের ৩০০ শিল্পকর্ম এবার স্থান পাচ্ছে প্রদর্শনীতে। উৎসব উপলক্ষে প্রায় ৩০ জন বিদেশি অতিথি ঢাকায় এসেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্কৃতিসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জয়নুল, কামরুল ও সুলতানের প্রদর্শনীএদিকে ১৪তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী উপলক্ষে জাতীয় জাদুঘরের সংগ্রহ থেকে তিনজন প্রথিতযশা শিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান ও শিল্পী এস এম সুলতানের শিল্পকর্মের মাসব্যাপী প্রদর্শনী বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জাতীয় জাদুঘরের নিজস্ব সংগ্রহ থেকে এই তিন শিল্পীর ৮২টি শিল্পকর্ম প্রদর্শিত হবে। প্রদর্শনী চলবে ৬ নভেম্বর ২০১০ পর্যন্ত।নিয়মিত নাটকবাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের উদ্যোগে পুরান ঢাকার সূত্রাপুরে জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে নিয়মিত নাটক মঞ্চায়নের আয়োজন করা হয়েছে। এখন থেকে প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার সপ্তাহে তিন দিন নাটক মঞ্চস্থ হবে। গতকাল বৃহস্পতিবার শুরুর দিন ছিল প্রাঙ্গণেমোরের নাটক শ্যামাপ্রেম।শুরু হলো শুদ্ধস্বরের বইমেলাসৃজনশীল প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের প্রথম একক বইমেলা শুরু হয়েছে। গতকাল সকালে জাতীয় গণগ্রন্থাগার চত্বরে বেলুন উড়িয়ে বইমেলার উদ্বোধন করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্রশিল্পী স্বপন চৌধুরী। মেলায় শতকরা ৩০ থেকে ৭০ ভাগ পর্যন্ত কমিশনে বই বিক্রি হচ্ছে। চলবে আগামীকাল শনিবার পর্যন্ত।