সংগ্রাম—দ্য মুভিতে আমান
ব্রিটিশ বংশোদ্ভূত বাঙালি পরিচালক মুনসুর আলীর চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা আমান। আজ বুধবার থেকে সিলেটের বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির শুটিং শুরু হচ্ছে বলে প্রথম আলো ডটকমকে নিশ্চিত করেছেন পরিচালক নিজে। আমান অভিনীত চলচ্চিত্রটির নাম ‘সংগ্রাম—দ্য মুভি’।‘সংগ্রাম—দ্য মুভি’ চলচ্চিত্রে নিজের চরিত্র সম্পর্কে আমান বলেন, ‘গল্পে দেখা যাবে বাংলাদেশে জন্ম নেওয়া ব্রিটিশ নাগরিক করিম লন্ডনের একটি ইংরেজি টেলিভিশন চ্যানেলের মুখোমুখি হবে। সেখানে করিম মুক্তিযুদ্ধ-পূর্ববর্তী সময়ে তার জীবনের প্রেমের গল্প বলার পাশাপাশি মুক্তিযুদ্ধের সময়কার বিভিন্ন ঘটনার বর্ণনা করে। করিম চরিত্রে অভিনয় করব আমি নিজে। আর আমার বিপরীতে আশা চরিত্রটি করবেন রুহি।’আমান বলেন, ‘এটি আমার জন্য সত্যিই সৌভাগ্যের যে এমন একটি আন্তর্জাতিক মানের ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছি। ছবির পরিচালক মুনসুর ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ। চেষ্টা করব সবার প্রত্যাশা অনুযায়ী অভিনয় করার।’‘সংগ্রাম—দ্য মুভি’ চলচ্চিত্রের কাহিনি লিখেছেন এবং পরিচালনা ও প্রযোজনা করছেন মুনসুর আলী। চলচ্চিত্রটি তৈরির জন্য সম্প্রতি বাংলাদেশে এসেছেন তিনি। থাকবেন আরও তিন মাস। তিনি বলেন, ‘বিভিন্ন সময় এ দেশের মুক্তিযুদ্ধের কাহিনি বিভিন্ন ছবিতে গল্পে গল্পে উঠে এলেও বাইরের দেশের কোনো ছবিতে মুক্তিযুদ্ধের ইতিহাস স্থান পায়নি। সে ভাবনা থেকেই ‘সংগ্রাম’ ছবিটি নির্মাণ করতে যাচ্ছি।’আমান ও রুহি ছাড়া ‘সংগ্রাম—দ্য মুভি’ চলচ্চিত্রের অন্যান্য অভিনয়শিল্পী হলেন: আরমান পারভেজ মুরাদ, অনন্ত হীরা প্রমুখ।