সংবর্ধিত হয়ে গাইলেন শাহনাজ রহমতউল্লাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যারিস্টার মইনুল হোসেন, শিল্পী শাহনাজ রহমতউল্লাহ, সাবেক প্রধান বিচারপতি কে এম হাসান ও সাজু হোসেন
ব্যারিস্টার মইনুল হোসেন, শিল্পী শাহনাজ রহমতউল্লাহ, সাবেক প্রধান বিচারপতি কে এম হাসান ও সাজু হোসেন

গানকে বিদায় জানিয়েছেন কয়েক বছর আগেই। মাঝে মাঝে অনুরোধে গেয়ে ওঠেন দু-একবার। এই যেমন এবার অনেক দিন পরে আবার গাইলেন। কথা যে দিয়ে ফেলেছেন, প্রিয় ভক্তের জন্য একটি হলেও গান গাইবেন! অবশেষে হারমোনিয়াম ধরে গান—‘খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছ’।
সোনারগাঁও হোটেলের মেঘনা মিলনায়তনে মানিক মিয়া ফাউন্ডেশন বরেণ্য এই শিল্পীকে দিল ‘মানিক মিয়া স্বর্ণপদক ২০১৭’। ফাউন্ডেশনের সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেনকে নিয়ে একটি গান করার কথা রাখতে গাইলেন তিনি।
ফাউন্ডেশনের মহাসচিব সৈয়দ তোশারফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক প্রধান বিচারপতি কে এম হাসান বলেন, ‘আমরা বিচারকরাও আপনার ভক্ত। আমাদের জীবন অনেক কাটখোট্টা। পেশাটাই এমন। তার মাঝে আপনার গান শুনে অনেক ভালো লেগেছে। কাজে মন দিতে পেরেছি। বাংলাদেশে যত ভক্ত আছে তার মধ্যে আমিও একজন।’
অনুষ্ঠানে শিল্পী বলেন, ‘মইনুল ভাই ব্যারিস্টার মানুষ কিন্তু উনি যে এত গানের পাগল আজকে বেশি করে বুঝলাম। বিটিভির ১৯৬০ সালে করা একটি অনুষ্ঠান আমি তার কাছে দেখেছি। অবাক হয়েছি। আজ এত সুন্দর একটি অনুষ্ঠানে মইনুল ভাইকে উপহার আর কী দেব? একটা গান উপহার দেব।’
আরও বক্তব্য দেন সংগীতজ্ঞ করুণাময় গোস্বামী, সাংবাদিক মাহবুব কামাল, কবি ও সাংবাদিক আল মুজাহিদী। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সাজু হোসেন। শিল্পীকে নিয়ে মানপত্র পাঠ করেন সৈয়দ তোশারফ আলী। আলোচনা পর্বের শেষে গান গেয়ে শোনান শিল্পী ফেরদৌস আরা, খান আতাউর রহমানের মেয়ে রুমানা ইসলাম, আঁখি আলমগীর, শুভ্রদেব ও আলম আর মিনু। আবৃত্তি করেন সীমা ইসলাম। অনুষ্ঠানে সভাপতি ছিলেন ফাউন্ডেশনের সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেন।