সংবাদকর্মীদের ক্যামেরা জব্দ করলেন সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান
সালমান খান

উদ্ধত আচরণের জন্য কুখ্যাতি আছে সালমান খানের। এখন পর্যন্ত বেশ কয়েকবার তার প্রমাণ দিয়েছেন ‘ব্যাডবয়’ তকমা পাওয়া এ তারকা অভিনেতা। সর্বশেষ এক ভক্তের মুঠোফোন রাস্তায় ছুড়ে খবরের শিরোনাম হয়েছিলেন সালমান। এবার সংবাদকর্মীদের ক্যামেরা জব্দ করে নেতিবাচক খবরের শিরোনামে এলেন এই ‘দাবাং’ তারকা।
সোহেল খানের প্রযোজনা ও পরিচালনায় ‘জয় হো’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সালমান। সম্প্রতি তিনি ছবিটির একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায়। খবর পেয়ে সেখানে জড়ো হন সংবাদকর্মীরা। তাঁরা সালমানের ছবি তোলার পাশাপাশি ভিডিও করছিলেন। এটা দেখে ভীষণ চটে যান সালমান। তিনি সোহেলকে উপস্থিত সংবাদকর্মীদের সব ক্যামেরা জব্দ করতে বলেন। সঙ্গে সঙ্গেই সে ব্যবস্থা করে ফেলেন সালমানের ছোট ভাই সোহেল।
শুটিং শেষে সালমান ছবির দলের সদস্যদের জব্দ করা ক্যামেরাগুলো থেকে সব ফুটেজ মুছে ফেলার নির্দেশ দেন। ফুটেজ মুছে ফেলার পর ক্যামেরাগুলো সংবাদকর্মীদের ফিরিয়ে দেওয়া হয়। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
এদিকে, সালমান তাঁর ব্যক্তিগত নিরাপত্তা আগের তুলনায় অনেক বেশি জোরদার করেছেন। এখন থেকে প্রিয় তারকার সাক্ষাত্ পেতে ভালোই বেগ পোহাতে হবে সালমান ভক্তদের।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে বলিউডের প্রখ্যাত অভিনেতা দিলীপ কুমারকে দেখতে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে গিয়েছিলেন সালমান। কিন্তু হাসপাতাল প্রাঙ্গণে অসংখ্য ভক্ত ও সংবাদকর্মীর ভিড় দেখে অসুস্থ দিলীপ কুমারকে দেখার পরিকল্পনা বাতিল করেন সালমান। তিনি গাড়ির ভেতরেই বসে থাকেন। গাড়ি ঘুরিয়ে সেখান থেকে চলে যাওয়ার সময় এক ভক্ত অনুমতি না নিয়েই সালমানের ছবি তোলা শুরু করেন। এতে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন সালমান। তিনি গাড়ির জানালা খুলে ওই ভক্তের কাছ থেকে মুঠোফোনটি চেয়ে নেন। এরপর সেটা সজোরে রাস্তায় ছুড়ে ফেলে দেন।
সালমানের এমন রূঢ় আচরণ দেখে ওই ভক্ত ও প্রত্যক্ষদর্শীরা বিস্ময়ে হতবাক হয়ে যান। সেখানে উপস্থিত সংবাদকর্মীদের সঙ্গে কথা বলার সময় এ ঘটনায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন ওই ভক্ত। তিনি বলেন, ‘সালমান মোটেও ঠিক কাজ করেননি।’