সংবাদভিত্তিক চ্যানেলের ঈদ আয়োজন
ইনডিপেনডেন্ট টেলিভিশন
ইনডিপেনডেন্ট টেলিভিশনে ঈদের দিন ও বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় প্রচারিত হবে চলচ্চিত্র ও সংগীতের তারকাদের নিয়ে অনুষ্ঠান ‘ঈদ আড্ডা’। অনুষ্ঠানে অংশ নিয়েছেন চলচ্চিত্রের সাইমন সাদিক ও পিয়া, সংগীতশিল্পী কনা, কোনাল ও শিরোনামহীনের তুহিন। উপস্থাপনা করেছেন সুমাইয়া জামান। পরিকল্পনা ও ব্যবস্থাপনা করেছেন রবিন শামস।
চ্যানেল ২৪
ঈদের দিন থাকছে জন লেনন, আজম খান, রুনা লায়লা আর লালনকে নিয়ে আয়োজন। এই আয়োজনে বৃহস্পতিবার থাকছেন এলভিস প্রিসলি, মেহেদী হাসান, লতা মুঙ্গেশকর আর হাসন রাজা। শুক্রবার মাইকেল জ্যাকসন, মান্না দে, নূরজাহান ও শাহ আব্দুল করিম। আয়োজনগুলো প্রতিদিন শুরু হবে বিকেল পৌনে পাঁচটায়। ‘গ্ল্যামার’ অনুষ্ঠানটি ঈদের দিন থেকে রোববার পর্যন্ত প্রতিদিন প্রচারিত হবে রাত সাড়ে আটটায়। এক ঘণ্টার এই আয়োজনে ঈদের দিন থাকছেন অনন্ত ও বর্ষা, বৃহস্পতিবার বাপ্পি ও মাহি, শুক্রবার নিরব ও অমৃতা, শনিবার সাগর ও শম্পা এবং রোববার আরজু ও আইরিন। চলচ্চিত্রের বরেণ্য শিল্পীদের নিয়ে আধঘণ্টার আয়োজন শুরু হবে প্রতিদিন রাত পৌনে ১১টায়। ঈদের দিন থাকছেন রাজ্জাক ও কবরী, বৃহস্পতিবার অমিতাভ বচ্চন ও সুচিত্রা সেন, শুক্রবার রজনীকান্ত ও শাবানা আজমী, শনিবার মোহাম্মদ আলী ও রেখা এবং রোববার উত্তম কুমার ও ববিতা।
সময়
ঈদের দিন থেকে রোববার পর্যন্ত সংবাদ প্রচারের পাশাপাশি থাকছে ঈদ আয়োজন। চলচ্চিত্র অঙ্গনের নায়ক-নায়িকা, অ্যাকশন স্টান্ট, এক্সট্রা আর মেকআপ শিল্পীদের কাজ ও জীবন নিয়ে অনুষ্ঠান থাকবে প্রতিদিন রাত আটটা ১০ মিনিটে। ঈদের দিন থাকবেন অনন্ত জলিল আর বৃহস্পতিবার মাহি। শিল্প-সাহিত্য অঙ্গনের অমর কিছু চরিত্র নিয়ে অনুষ্ঠান প্রচারিত হবে প্রতিদিন রাত ১০টা ১০ মিনিটে। রাজনৈতিক ব্যক্তিত্ব, তাঁদের স্বামী কিংবা স্ত্রী আর সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কের কথা নিয়ে থাকছে ‘জনপদে রাজকথা’। প্রচারিত হবে প্রতিদিন বেলা তিনটা ১০ মিনিটে।