সংলাপ বলা নিয়ে মজা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাভিশনে আজ বিকেলে দেখানো হবে ধারাবাহিক নাটক ‘জামাইমেলা’ আর রাতে ‘চন্দ্রবিন্দু’। ‘জামাইমেলা’ লিখেছেন বৃন্দাবন দাস, পরিচালনা করেছেন আজহারুল আলম। পরেরটি রচনা ও পরিচালনা করেছেন ইদ্রিস হায়দার। দুটি নাটকেই অভিনয় করছেন নোভা। তাঁর সঙ্গে যখন কথা হলো, তখন তিনি পুবাইলে যাচ্ছেন।পুবাইলে কেন যাচ্ছেন?ওখানে জামাইমেলা নাটকের শুটিং হবে। নাটকটির প্রথম ১৩ পর্বের কাজ করেছিলাম পাঁচ-ছয় মাস আগে। কিছু ছোটখাটো কাজ বাকি ছিল। সেগুলোই এখন হচ্ছে।নাটকটির নাম ‘জামাইমেলা’ কেন?সাধারণত বিয়ের পর মেয়েরা শ্বশুরবাড়িতে যায়। কিন্তু এই নাটকে একটি গ্রামে মেয়েরা বিয়ে করে স্বামীকে বাবার বাড়িতে নিয়ে আসে। গ্রামের প্রতিটি বাড়িতেই ঘরজামাই আছে। তাই এ রকম নাম। নাটকের গল্পটা শুরু হয় আমার বিয়ে নিয়ে। বিয়ের দিন আমার প্রেমিক আত্মহত্যার হুমকি দেয়। আমার বিয়েটা ভেঙে যায়।বৃন্দাবন দাস তো আঞ্চলিক ভাষা নিয়ে সংলাপ লেখেন...এই নাটকের সংলাপেও তিনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভাষা ব্যবহার করেছেন। কারণ, গ্রামের জামাইরা তো এসেছেন বিভিন্ন জেলা থেকে। তবে জামাইমেলায় যে গ্রামটি দেখানো হয়েছে, সেখানকার মানুষজন পাবনার আঞ্চলিক ভাষায় কথা বলেন। নানা ভাষার ব্যবহারের কারণে শুটিংয়ের সময় সংলাপ বলা নিয়ে দারুণ মজা হয়। আমি তো পাবনার মেয়ে নই। আমার নানাবাড়ি মানিকগঞ্জে, আর দাদাবাড়ি নবাবগঞ্জে। তাই প্রতিটি সংলাপ বলার আগে অনেকবার মহড়া করতে হয়।‘চন্দ্রবিন্দু’ নাটকটির কাজ কবে করেছিলেন?গত বছরের ডিসেম্বরে। একসঙ্গে অনেক শিল্পী থাকতাম। খুব আড্ডা হতো।কোনো নতুন নাটকে কাজ করছেন?বেশ কয়েকটি নাটকে কাজ করছি। প্রায় প্রতিদিনই শুটিং থাকছে। তবে থিয়েটার নিয়ে একটি নাটকের কাজ করছি নারায়ণগঞ্জে। মঞ্চের একটি নাটকের দলের গল্প নিয়ে। নাম রূপান্তরের মানুষগণ। রূপান্তর নামের একটি নাটকের দল আর তার সদস্যদের কথা নিয়ে পুরো নাটকটি।  বিনোদন প্রতিবেদক