সংলাপটি শুনেই আমার সব মুড শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

‘এনজি শট’ মানে ‘নট গুড শট’। তারকারা হরহামেশাই এনজি শটের মুখে পড়েন। কখনো সেই অভিজ্ঞতা বিরক্তিকর, কখনো মজার, আবার কখনো মধুর। এই বিভাগে আজ শুনুন জাকিয়া বারী মমর স্মৃতি।

‘বুড়িগঙ্গার সব পানি কি তোমার চোখে চলে এসেছে?’ এ কথায় হেসে ফেলেছিলেন মম
‘বুড়িগঙ্গার সব পানি কি তোমার চোখে চলে এসেছে?’ এ কথায় হেসে ফেলেছিলেন মম

গত ২৫ অক্টোবরের শিহাব শাহীনের লিপস্টিক নাটকের সেটের ঘটনা এটি। ঢাকার নিকুঞ্জের একটি বাড়িতে শুটিং হচ্ছিল। আমার সহশিল্পী ছিলেন সাজু খাদেম। দৃশ্যটি এমন—সাজু খাদের সামনে দাঁড়িয়ে সংলাপ দিতে দিতে একপর্যায়ে আমার চোখে জল চলে আসবে। এখানে কাট হবে দৃশ্যটি। শুরু হলো দৃশ্য ধারণ। ক্যামেরা চলছে। আমি সংলাপ দিতে দিতে কেঁদে ফেলি। কাট করার আগেই সাজু খাদেম একটি সংলাপ জুড়ে দিয়ে বলে বসেন, ‘বুড়িগঙ্গার সব পানি কি তোমার চোখে চলে এসেছে?’ আর কই যাবা, সংলাপটি শুনেই আমার সব মুড শেষ! আমি আর হাসি ঠেকাতে পারলাম না। শট এনজি!
আরেকটি ঘটনা বলি, চয়নিকা চৌধুরীর অসময়ের বৃত্তে নাটকের শুটিং করতে গিয়ে এনজি শটে পড়েছিলাম। ক্রাইসিস মুহূর্তের দৃশ্য ছিল এটি। আমার সহশিল্পী জোভান। আমাদের দুজনেরই সংলাপ দেওয়া শেষ। দৃশ্যটি ওকে হয়ে যায়। এরপর চেক করতে গিয়ে পরিচালক দেখেন, সংলাপ রেকর্ডই হয়নি। পরে দেখা যায়, শটটি নেওয়ার সময় বুমের তারের লাইন ক্যামেরার সঙ্গে সংযোগই ছিল না। ইউনিটের সবাই হাসতে হাসতে তো শেষ! পরে ঠিকঠাক করে আবার দৃশ্যটি ধারণ করা হয়।
অনুলিখন: শফিক আল মামুন