দেশ টিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘সীমান্ত’। এটি রচনা ও পরিচালনা করেছেন বদরুল আনাম। এখানে অভিনয় করেছেন সানিজদা প্রীতি। কথা হলো তাঁর সঙ্গে।সীমান্ত নাটকে কাজ করার অভিজ্ঞতা কেমন হলো?এ নাটকে কাজ করতে গিয়ে ময়মনসিংহের আঞ্চলিক ভাষা শিখতে হয়েছে। সংলাপগুলো ঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা ছিল আমাদের সবার মধ্যে। পুরো ইউনিটে পরিচালক আর আলোর সঙ্গে জড়িত একজন ছিলেন ময়মনসিংহের। পরিচালককে তো সব সময় ফাঁকা পাওয়া যেত না, তাই ঠিক উচ্চারণ শেখার জন্য আলোর ওই লোকটির কাছেই ছুটে যেতাম। সংলাপগুলো বলার সময় অনেক হাসাহাসি হতো। অদ্ভুত সব শব্দ বের হতো আমাদের মুখ থেকে।এ পর্যন্ত নাটকটির কতটুকু কাজ করেছেন?৫২ পর্বের কাজ হয়েছে। টিভিতে তো নিয়মিতই নাটকটি প্রচারিত হচ্ছে। এখন যে ঘটনাগুলো দেখানো হচ্ছে, এর ফলে মা ও মেয়ের মধ্যে দূরত্ব বাড়বে। আসলে ঘটনাগুলো তো একটু অন্য রকম।নতুন কোনো কাজ করছেন?হ্যাঁ, আফসানা মিমির নতুন ধারাবাহিকের কাজ শুরু হলো শুক্রবার। নাম পৌষ ফাগুনের পালা। গজেন্দ্রনাথ মিত্রের ত্রয়ী উপন্যাস—কলকাতার কাছেই, উপকণ্ঠে ও পৌষ ফাগুনের পালা অবলম্বনে এই ধারাবাহিকের চিত্রনাট্য তৈরি হয়েছে। এখানে অনেক শিল্পী অভিনয় করছেন। আমিও আছি। এ দুটি ধারাবাহিকই করছি।মঞ্চের খবর কী?প্রাচ্যনাটের নতুন নাটক মঞ্চে এসেছে। হেনরিক ইবসেনের লেখা থেকে পুনর্জন্ম। এ নাটকে আমি একটি ছায়া চরিত্রে অভিনয় করছি। মনের মধ্যে বাস করা ছায়াটি মানুষের নেতিবাচক দিকগুলো সামনে নিয়ে আসে। ইবসেন আন্তর্জাতিক উত্সব উপলক্ষে নাটকটি করা হয়েছিল। তখন সময়ও তেমন পাওয়া যায়নি। উত্সব উপলক্ষে কাজটা খুব তাড়াতাড়ি করতে হয়েছিল। সংলাপগুলো একটু কঠিন, তাই আয়ত্ত করতে বেগ পেতে হয়েছিল।ইদানীং কোথাও বেড়াতে গিয়েছিলেন?হ্যাঁ, ফরিদপুরে জসীমউদ্দীন মেলাতে। আমরা কয়েকজন বন্ধু মিলে সেখানে গিয়েছিলাম। দেখে মনে হয়েছে, ওখানকার সব কিছুই ঢাকা থেকে নিয়ে যাওয়া হয়েছে। তবে গান আর সার্কাস খুব উপভোগ করেছি। রাত যত গভীর হয়েছে, মেলার আমেজও তত পাল্টে গেছে। মানুষের সমাগম বেড়েছে। সব মিলিয়ে সময়টা ভালোই কেটেছে।