মেঘলা আকাশ। শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে দর্শকদের সরব উপস্থিতি। মঞ্চে দেখা গেল ‘মেঘের কোলে রোদ হেসেছে’ গান গাইছে রাখাল নামের এক কিশোর। খুবই দুরন্ত সে। তার দস্যিপনায় গোটা গ্রাম তটস্থ। তাকে নিয়েই মূলত নাটকের কাহিনি।গতকাল সোমবার সংলাপ গ্রুপ থিয়েটার তাদের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঞ্চস্থ করে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে নাটক দেবতার গ্রাস। এর নাট্যরূপ দিয়েছেন মজুমদার বিপ্লব এবং নির্দেশনা দিয়েছেন মোস্তফা হীরা।গ্রামের সম্ভ্রান্ত ব্রাহ্মণ মৈত্র দুটি নৌকা ভাড়া করে তীর্থস্নানের জন্য সমুদ্রে যাওয়ার পরিকল্পনা করে। এ খবর গোটা গ্রামে রটে গেলে জুটে যায় অনেক সঙ্গীদল। আয়োজনের শেষ সময়ে এসে বিধবা মোক্ষদা যাত্রাসঙ্গী হতে চাইলে মৈত্র তাঁর আবেদন উপক্ষো করতে ব্যর্থ হন। তবে ঠিক হয়, মোক্ষদার দুরন্ত ছেলে রাখাল থেকে যাবে মাসির কাছে। যাত্রার শুভক্ষণে এসে মোক্ষদা এসে দেখেন, আগেভাগেই নৌকায় বসে আছে রাখাল। শত প্রচেষ্টা তার আকুতির কাছে হার মানে। এমন সময় মৈত্র নিজেই অনুমতি দেন রাখালকে যাওয়ার জন্য। ক্রোধে জ্বলে ওঠেন মোক্ষদা। ছেলেকে উদ্দেশ করে বলেন, ‘চল্ তোরে দিয়ে আসি সাগরের জলে!’নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফাহিম, প্রিয়া, মনির, মোনালিসা, সোমা প্রমুখ। দেবতার গ্রাস নাটকটি সংলাপের ৩০তম পরিবেশনা।মনমোহন, লবচন্দ্র ও আফতাব উদ্দিন স্মরণসংগীতজ্ঞ মনমোহন দত্ত, লবচন্দ্র ও আফতাব উদ্দিন স্মরণে গতকাল সোমবার শিল্পকলা একাডেমী তাদের সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আলোচনা ও সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা অনুষ্ঠানে অংশ নেন কবি আসাদ চৌধুরী, মফিদুল হক ও মনমোহন দত্তের পৌত্রবধূ শংকরী দত্ত। আলোচনা শেষে গান গেয়ে শোনান বিশিষ্ট শিল্পীরা। কল্যাণী দত্ত গেয়ে শোনান ‘কার ভরসা করব রে ভাই’। এরপর মজিবর রহমান পরিবেশন করেন ‘মানুষ হয়ে মানুষ লয়ে’ ওস্তাদ চন্দন আচার্য্য ‘আদম কহ’ গানটি গেয়ে শোনান।কসমসে যৌথ প্রদর্শনীমহাখালীর গ্যালারি কসমস-২-এ গতকাল সোমবার থেকে শুরু হয়েছে ১৩ জন শিল্পীর যৌথ শিল্পকর্ম প্রদর্শনী। ‘ক্লস অব ১৯৭৯ চারুকলা’ নামের এই প্রদর্শনীর উদ্বোধন করেন সেন্ড ওলিং। প্রধান অতিথি ছিলেন আঞ্জুমান আরা জামিল। প্রদর্শনী চলবে আগামী ২৪ জুন পর্যন্ত।