সংসারী মেয়েটি ভালোই আছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনেলিয়া ডি’সুজা
জেনেলিয়া ডি’সুজা

তাঁর গল্পে সিনেমার মতো মারমার কাটকাট কোনো ক্লাইম্যাক্স নেই। তবে আছে ‘সুখে-শান্তিতে বসবাস’ এর অংশটি। রক্ষণশীল রাজনৈতিক হিন্দু পরিবারের বউ হওয়া খুব সহজ ছিল না খ্রিষ্টধর্মাবলম্বী জেনেলিয়া ডি’সুজার জন্য। তবে সেই কঠিন কাজটি জেনেলিয়া ডি’সুজা ২০১২ সাল থেকে বেশ সহজভাবেই সামলে আসছেন। হয়েছেন সংসারী, দুই সন্তানের মা। এ জন্য অবশ্য নিজের অভিনয়জীবন থেকে তাঁকে নিতে হয়েছে বিরতি। তবে জেনেলিয়া কিন্তু অভিনয় ছেড়ে মন খারাপ করেননি। বরং তাঁর উচ্ছল হাসির সঙ্গে সংসারের মায়া মিলেমিশে তা আরও প্রাণবন্ত এখন। বড় পর্দায় অনুপস্থিত এ অভিনেত্রীকে দীর্ঘ সময় পর এক ঝলক দেখা যাবে ফোর্স টু ছবিতে। তাই সিনেমাজগৎ থেকে সংসারে থিতু হওয়া সেই জেনেলিয়াকে নিয়েই আজ গল্প হোক।
মাত্র ২৫ বছর বয়সে সাফল্যের তুঙ্গে থাকা অবস্থাতেই বিয়ের পিঁড়িতে বসেন জেনেলিয়া ডি’সুজা। এরপর ২৭ বছরে প্রথম সন্তানের মা হন। কোনো সফল বলিউড অভিনেত্রী হিসেবে তাঁর এই কাণ্ড একটা দৃষ্টান্তই বটে। ৯ বছর ধরে অভিনেতা রিতেশ দেশমুখের সঙ্গে প্রেম করেছেন। এরপর সেই প্রেমকে বিয়ে পর্যন্ত নিয়ে যেতে দুজনকেই পোড়াতে হয়েছে কাঠখড়। কারণ রিতেশের বাবা বিলাসরাও দেশমুখ িছলেন ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ছেলে এক খ্রিষ্টান মেয়েকে বিয়ে করবে?

২০১২ সালে রিতেশকে বিয়ে করেন জেনেলিয়া ডি’সুজা
২০১২ সালে রিতেশকে বিয়ে করেন জেনেলিয়া ডি’সুজা

এমন প্রশ্নে পুরো রাজ্যের মাথাব্যথা শুরু হয়ে যায়। তাঁদের প্রেমের মধ্যেখানে চলে আসে রাজনীতি আর ধর্মীয় স্পর্শকাতর বিষয়গুলো। কিন্তু শেষ নাগাদ জেনেলিয়ার মাধুর্যের কাছে হার মানে সব টানাপোড়েন। ২০১২ সালে তিনি হিন্দু ও খ্রিষ্টান রীতিতে বিয়ে করেন রিতেশকে।
তবে ওই যে, খ্রিষ্টান পরিবারে বেড়ে উঠে হিন্দুবাড়ির বউ হওয়া তো চাট্টিখানি কথা নয়। তার ওপর শ্বশুর আবার যেখানে বিরাট রাজনীতিক। তাই সংসারধর্ম মন দিয়ে পালন করতে বিয়ের পরপরই অভিনয়কে বিদায় জানান জেনেলিয়া। তাঁকে সবশেষ দেখা যায় তাঁরই স্বামী রিতেশ দেশমুখের বিপরীতে তেরে নাল লাভ হো গ্যায়া ছবিতে। তাঁদের বিয়ের বছরই মুক্তি পায় ছবিটি। এরপর সালমান খানের জয় হো আর স্বামী রিতেশের লয় ভারি ছবিতে অতিথি হিসেবে একটুখানি জেনেলিয়াকে দেখা গেলেও, দর্শকেরা আর মনভরে নায়িকা হিসেবে তাঁর প্রাণখোলা হাসি দেখতে পারেনি।

বাচ্চাদের সঙ্গে রিতেশ ও জেনেলিয়া ডি’সুজা
বাচ্চাদের সঙ্গে রিতেশ ও জেনেলিয়া ডি’সুজা

বছর খানেক আগে যখন ফোর্স টু নামের ছবি মুক্তির ঘোষণা আসে, তখন জেনেলিয়া-ভক্তরা আশায় বুক বেঁধে বসে। কারণ, এই ছবির প্রথম পর্বে অর্থাৎ ২০১১ সালে মুক্তি পাওয়া ফোর্স-এর মূল নায়িকা ছিলেন রিতেশপত্নী। তাই স্বাভাবিকভাবেই দ্বিতীয় ছবিতেও তাঁকেই প্রত্যাশা করবে দর্শক। কিন্তু না, সেই প্রত্যাশা খুব বেশিক্ষণ ভক্তদের উদ্বেলিত করেনি। কারণ এরই মধ্যে খবর রটে গেছে, এ ছবিতেও জেনেলিয়া ফিরছেন তবে কয়েক মিনিটের অতিথি হয়ে। তাই এ যাত্রায় নায়িকা জেনেলিয়াকে পর্দায় পেল না দর্শক। তিনি সেই দেশমুখ বাড়ির বউ হয়েই দারুণ সুখে আছেন। দুই ছেলে রিয়ান ও রাহিলকে নিয়ে আছেন দিব্যি। অভিনেত্রীর পরিচয়কে ছাপিয়ে গেছে তাঁর সংসার। তাই ভক্তরা তাঁকে শুধু পায় এখন ইন্সটাগ্রাম আর পাপারাজ্জিদের ক্যামেরায়। এর বাইরে জেনেলিয়ার পুরো পৃথিবীটাই এখন তাঁর স্বামী, সন্তান আর পরিবারের বাকিদের দিয়ে ঘেরা। লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগৎটা তাই এই সাজানো সংসারের সামনে ফিকে।
আদর রহমান
এনডিটিভি, জি নিউজ, ইন্ডিয়ান এক্সপ্রেস ও ডেইলি ভাস্কর অবলম্বনে