সংস্কার শেষে দর্শকের অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের জন্য নতুন সাজে সেজেছে ঢাকার প্রেক্ষাগৃহগুলো। সোমবার বিকেলে তোলা ​ছবিতে বলাকা সিনেওয়া​র্ল্ড l ছবি: সুমন ইউসুফ
ঈদের জন্য নতুন সাজে সেজেছে ঢাকার প্রেক্ষাগৃহগুলো। সোমবার বিকেলে তোলা ​ছবিতে বলাকা সিনেওয়া​র্ল্ড l ছবি: সুমন ইউসুফ

ঢাকার নিউমার্কেট এলাকার বলাকা সিনেওয়ার্ল্ড রমজানের শুরুর দিন থেকে বন্ধ। বাইরে বিজ্ঞপ্তি এমন কথাই বলছে। কিন্তু মূল প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকতেই ধাক্কা খেতে হলো। নিচতলার দুটি দরজাই হাট করে খোলা। সেই দরজায় বার্নিশ করা হচ্ছে। ভেতরে মেঝেতে বসানো হয়েছে কার্পেট। দেয়ালজুড়ে নতুন রং; গন্ধ এখনো যায়নি। পুরোনো বলাকা সিনেওয়ার্ল্ড খোলস বদলে নতুন রূপে হাজির হচ্ছে। শ্রমিকেরা জানালেন, ১৫ রমজান থেকে তাঁরা খোলস বদলানোর কাজ করছেন। শেষ হবে ঈদের আগের দিন।
খোলস বদলানো বা সংস্কার যা-ই বলি, এসবের হেতু একটাই। ঈদের নতুন ছবি যেন স্বচ্ছন্দে দেখতে পারেন উৎসবমুখর দর্শকেরা। বলাকায় ঈদের দিন বিকেল থেকেই চলবে কলকাতার জিৎ ও বাংলাদেশের নুসরাত ফারিয়া অভিনীত বাদশা দ্য ডন ছবিটি।
শুধু বলাকাতেই নয়, এমন সংস্কার চলছে মতিঝিলের মধুমিতা প্রেক্ষাগৃহেও। এই প্রেক্ষাগৃহটি অপেক্ষায় আছে শাকিব-শ্রাবন্তীর শিকারি সিনেমার। মধুমিতার খুব কাছেই অভিসার। এখানে অবশ্য কিছুদিন ধরে চলছে অগ্নি ২ ছবিটি। কিন্তু ঈদে চলবে শাকিব, অপু ও কলকাতার ইন্দ্রনীল অভিনীত নতুন ছবি সম্রাট। এরই মধ্যে এই প্রেক্ষাগৃহের পরিষ্কার–পরিচ্ছন্নতা ও সংস্কারের কাজ শেষ করেছে।
শুধু এই তিনটি প্রেক্ষাগৃহই নয়, পুরানা পল্টনের জোনাকি, কাকরাইলের রাজমণিসহ ঢাকার বেশির ভাগ প্রেক্ষাগৃহ প্রস্তুত হচ্ছে ঈদের জন্য। ৩ জুলাই প্রেক্ষাগৃহ ঘুরে দেখা গেল এমন চিত্র।
তবে কাকরাইলে চলচ্চিত্রপাড়ার চিত্র খানিকটা আলাদা। রমজানের শুরু থেকেই এখানে ভিড় করেছেন পরিবেশক, বুকিং এজেন্ট ও হলমালিকেরা। কোন ছবিটি প্রেক্ষাগৃহে নিলে লাভবান হওয়া যাবে, তারই হিসাব-নিকাশ চলবে চাঁদরাত পর্যন্ত।
কাকরাইলে বসে কথা হলো ঋদ্ধি টকিজের কর্ণধার সুমন দের সঙ্গে। এবার তাঁরা রানা পাগলা দ্য মেন্টাল ছবি পরিবেশকের দায়িত্ব পালন করছেন। গত রোববার সুমন দে বললেন, ‘এরই মধ্যে ১৯০টি হল বুকিং হয়েছে। আরও কিছু হবে।’
দ্য অভি কথাচিত্র পরিবেশন করছে সম্রাট ছবিটি। এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী কামাল হাসান জানালেন, তাঁরা বুকিং পেয়েছেন প্রায় ৯৪টি সিনেমা হলের। এরই মধ্যে সেখানে পোস্টারসহ আনুষঙ্গিক জিনিসপত্র পৌঁছে গেছে। আরও কিছু কথাবার্তা চলছে। কামাল হাসান জানালেন, ঈদ উপলক্ষে এবার কমপক্ষে ৪০০টি হল সচল থাকবে। নতুন সিনেমা হল চালু না হলেও কিছু পুরোনো সিনেমা হল আবার চালু হচ্ছে।
এদিকে বাকি দুটি সিনেমা শিকারি ও বাদশা দ্য ডন–এর প্রযোজক ও পরিবেশক জাজ মাল্টিমিডিয়া। ঢাকা ও ঢাকার বাইরে মিলিয়ে বাকি সিনেমা হলগুলোতে এই ছবি দুটি চলার কথা রয়েছে।