সংস্কৃতি

সত্যেন সেন শিল্পীগোষ্ঠী বরাবরের মতো এবারও নানা আয়োজনে শরৎ–বন্দনায় মেতে উঠেছিল। নাচ, গান, আবৃত্তি ও কথামালার মধ্য দিয়ে গত শুক্রবার দিনব্যাপী শরৎ উৎসব–১৪২২ উদ্যাপন করেছে তারা। সকালে কালীপদ রায়ের বাঁশিবাদনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় উৎসব শুরু হয়। দিনব্যাপী উৎসবে শরৎকথন পর্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। হায়াৎ মামুদের সভাপতিত্বে আলোচক ছিলেন সংগঠনের সহসভাপতি নিগার চৌধুরী ও সাধারণ সম্পাদক মানজার চৌধুরী।

ছায়ানট সংস্কৃতি–ভবনে গত শুক্রবার অনুষ্ঠিত হয় নজরুলসংগীতশিল্পী সুজিত মোস্তফার একক গানের আসর। প্রাইম ব্যাংক ও কাজী ফার্মসের সৌজন্যে আয়োজিত এ অনুষ্ঠানে শিল্পী নজরুলসংগীত ছাড়াও তাঁর বাবা আবু হেনা মোস্তফা কামালের লেখা এবং মান্না দে, তালাত মাহমুদ প্রমুখের মোট ২৭টি গান গেয়ে শোনান। অনুষ্ঠান বেশ সাড়া ফেলেছিল শ্রোতাদের মধ্যে। শেষ গানটি পর্যন্ত মিলনায়তন ছিল পরিপূর্ণ।