
সবুজের মাঝে লাল সূর্য এখন রাজধানীর সবখানে। রাস্তায় রাস্তায় ফেরি করে জাতীয় পতাকা বিক্রি হচ্ছে। আর সেই পতাকাই যেন জানান দিচ্ছে আগামী পরশু বিজয় দিবস। বাঙালির প্রাণের আবেগের এই দিনটি ঘিরে প্রতিবছরের মতো এবারও বদলে গেছে রাজধানীর মঞ্চগুলো। শহীদ মিনারে গতকাল শুরু হয়েছে বিজয় উৎসব। এর পাশাপাশি সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘরে চলছে মানবাধিকার দিবস থেকে বিজয় দিবসের অনুষ্ঠানমালা। ১০ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ আয়োজনে মুক্তিযুদ্ধ জাদুঘরের মঞ্চ মেতেছে বিজয়ের গান, নাচ, কবিতা আর নাটকে। পাশাপাশি রয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা।
শনিবার উৎসবের তৃতীয় দিনে অনুষ্ঠানসূচির আকর্ষণ ছিল ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক সংস্থার পরিবেশনা। এদিনের আয়োজনে মুক্তিযুদ্ধকালীন ভারতের আগরতলায় প্রতিষ্ঠিত দলটির এখনো বেঁচে থাকা শিল্পীরা পরিবেশন করেন সমবেত গান।
অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলীর স্বাগত বক্তব্য দেন। এরপর ‘রাষ্ট্র ও সমাজে মুক্তিযুদ্ধের ভাবাদর্শ’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন সাংবাদিক ও মুক্তিযুদ্ধের গবেষক রীতা ভৌমিক। স্বরচিত্র আবৃত্তিচর্চা ও বিকাশ কেন্দ্রের বৃন্দ আবৃত্তির মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। মাহিদুল ইসলামের গ্রন্থনায় পরিবেশিত হয় ‘আর কত রক্তের দরকার হবে’ শীর্ষক আবৃত্তি প্রযোজনা। কবিতার উচ্চারণ শেষে নৃত্য-গীতের পরিবেশনা নিয়ে মঞ্চে আসে মুক্ত বিহঙ্গ একাডেমী ও কমলাপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এরপর ছিল বাংলাদেশ সাংস্কৃতিক সংস্থার সমবেত সংগীত পরিবেশনা। স্বদেশের বন্দনায় উদ্দীপ্ত কণ্ঠগুলো এক সুরে গেয়ে শোনায় ‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’ গানটি। এ দলের পরিবেশনায় আরও ছিল ‘শক্ত হাতে ধর পতাকা’, আমার পূর্ব বাংলাদেশ’, ‘চেয়ে দেখ পুবাকাশ লালে লাল হয়ে আছে’, ‘লাল-সবুজে জন্ম আমার বাংলাদেশে বাড়ি’, ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা’ ইত্যাদি গান। সবশেষে ছিল পথনাটকের পরিবেশনা। সগীর মোস্তফার রচনা ও নির্দেশনায় সাত্ত্বিক নাট্য সম্প্রদায় উপস্থাপন করে পথনাটক পাংশু।
আজ রোববার শহীদ পরিবারের তৃতীয় প্রজন্মের অনুভূতি বিনিময়ে যোগ দেবেন আবীর সুর, আন্তারা মুবাশ্বির, মেসকাহুল ইসলাম। অনুষ্ঠানে গান শোনাবেন ছায়ানটের শিল্পীরা। দলীয় আবৃত্তিতে অংশ নেবে স্রোত আবৃত্তি সংসদ।