সংস্কৃতি সংবাদ ইতিহাসের জ্যোতি-বলয়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবদ্দশায় যেমন অনন্য মুক্তিসংগ্রামী হিসেবে বিশ্ববরেণ্য, তেমনি মৃত্যুর পরও তাঁর প্রতি নিবেদিত হচ্ছে মানুষের ভালোবাসার অর্ঘ্য। বঙ্গবন্ধুকে নিয়ে রচিত হয়েছে বহু কবিতা আর গান। তা থেকে নির্বাচিত কিছু কবিতা নিয়ে গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বঙ্গবন্ধুর স্মৃতির উদ্দেশে নিবেদিত হলো আবৃত্তি অনুষ্ঠান। গতকাল সন্ধ্যায় আবৃত্তি সংগঠন স্বরচিত্র ‘ইতিহাসের জ্যোতি-বলয়’ নামের এই আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজনটির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। সমবেত আবৃত্তি ‘বলেছে তারা’র পরিবেশনা দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর আলোচনায় অংশ নেন জাতীয় জাদুঘরের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এম আজিজুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকামউল্লাহ প্রমুখ।মাহিদুল ইসলামের গ্রন্থনা ও নির্দেশনায় সংগঠনের শিল্পীরা ‘ধন্য মানুষ শেখ মুজিব’, ‘স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো’, ‘খোকনের সানগ্লাস’, ‘যাঁর মাথায় ইতিহাসের জ্যোতি-বলয়’, ‘সহিষ্ণু প্রতীক্ষা’, ‘আমি সাক্ষী’, ‘টুঙ্গিপাড়া’, ‘শাপমুক্তি’, ‘আমি কি বলতে পেরেছিলাম’, ‘জনকের জন্য প্রতীক্ষা’, ‘তেমন বিশাল পতাকা’, ‘তোমার জন্য হে জনক’, ‘রক্তাক্ত প্রচ্ছদের কাহিনি’সহ ৩১টি কবিতা আবৃত্তি করেন। এ ছাড়া ছিল ‘আর কত রক্তের দরকার হবে’ শীর্ষক একটি কোলাজ পরিবেশনা। মাহিদুল ইসলামের কণ্ঠে কবি শামসুর রাহমানের লেখা ‘তোমারই পদধ্বনি’ কবিতাটি আবৃত্তির মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।অনুষ্ঠানে একক আবৃত্তি করেন এন এম সালাউদ্দিন, তামান্না ডেইজি, শাওন আল আমীন, শফিকুল ইসলাম, আসমাউল হুসনা, শিপ্রা রহমান, আসমা আক্তার, মারিয়া জামান, সাইফুদ্দিন মানিক, হাবীব আহমেদ প্রমুখ। নাটমণ্ডলে ‘চাকা’একজন অজ্ঞাতপরিচয় মানুষের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে গরুর গাড়িতে। তার পরিচয় জানার আপ্রাণ চেষ্টায় রয়েছে গাড়োয়ান। গ্রামের পর গ্রাম ঘুরতে হচ্ছে তাকে। কিন্তু কোথাও মৃতের আত্মীয়স্বজন বা পরিচিত কারও সন্ধান পাচ্ছে না সে। শেষে গাড়োয়ান ও তার সহযোগী মরদেহ নিজ দায়িত্বে দাফন করার দায়িত্ব নেয়। আসলে মৃত্যুর পরের জীবন কার কী রকম হবে, তা কেউ বলতে পারে না—এটিই চাকা নাটকটির মূল ভাবনা।নাট্যাচার্য সেলিম আল দীনের কথানাট্য চাকা মঞ্চে এনেছে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ। গতকাল এর বিশেষ প্রদর্শনী ছিল নাটমণ্ডলে। নাটকটির নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী।একটি বেওয়ারিশ মরদেহ অজানা গন্তব্যে পৌঁছে দেওয়ার কাহিনি নিয়ে কথানাট্য চাকা। ভুল ঠিকানায় আসা একটি লাশ যখন প্রতিটি গ্রাম থেকে প্রত্যাখ্যাত হয়, কেউ লাশটিকে শনাক্ত করে না, তখন লাশ বহনকারী গরুর গাড়ির গাড়োয়ান, এক বৃদ্ধ আর এক যুবক লাশটি কবর দেয়। অপরিচিত কয়েকজন শ্রমজীবী তাদের শস্য টানা গরুর গাড়িতে লাশটি বহন করতে করতে আপন করে নেয় অপমৃত্যুর শিকার অচেনা মানুষটিকে। শেষাবধি জয় হয় মানবিকতার। এতে অভিনয় করেছেন মাহজাবীন ইসলাম, সুশান্ত কুমার সরকার, রফিকুল ইসলাম, নুসরাত শারমিন, মেহেদী তানজির, লাবণী আকতার, সৈয়দা ইফাত আরা, শংকর কুমার বিশ্বাস, রনি দাস প্রমুখ। আজ শুক্রবার থেকে রোববার পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাতটায় নাটমণ্ডলে নাটকটি মঞ্চস্থ হবে। যৌথ শিল্পকর্ম প্রদর্শনীগুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে গতকাল শুরু হয়েছে শিল্পী মুস্তাফা জামান ও রফিকুল শুভর ‘স্বয়ংক্রিয় সত্তা’ শীর্ষক যৌথ শিল্পকর্ম প্রদর্শনী। গতকাল সন্ধ্যায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী মনিরুল ইসলাম ও অধ্যাপক সলিমুল্লাহ খান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী।প্রদর্শনীতে পাঁচটি স্থাপনাকর্ম রয়েছে। এতে নানান মাধ্যমের সমারোহ দেখা যাবে। এ ছাড়া চারটি ভিডিওশিল্প, তিনটি ভাস্কর্য, আলোকচিত্র, ছাপচিত্র প্রভৃতি কাজ রয়েছে। প্রদর্শনী আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত খোলা থাকবে।