সংস্কৃতিই দেখাবে পথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.
পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ছে সহিংসতা। বাড়ছে অসহিষ্ণুতা। বাংলাদেশেও পড়েছে তার অপচ্ছায়া। সংস্কৃতিই পারে মানুষের মনের অন্ধকার দূর করতে, মানুষে মানুষে মিলন ঘটাতে। সেই মিলনের কথাই বললেন সংস্কৃতিজগতের তিন শিল্পী।

জাকিয়া বারী মম, অভিনেত্রী

‘বড়লোক’ হতে হবে শিক্ষায়

জাকিয়া বারী মম
জাকিয়া বারী মম

আমার ছোটবেলা কেটেছে ব্রাহ্মণবাড়িয়া জেলায়। সেখানকার আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনে আমার নাচের হাতেখড়ি। বহু পুরোনো একটা সংগঠন এটা। আমার ছেলেবেলার বিচরণক্ষেত্র। গত বছর সেখানে ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। কারা করেছে সেটা নিশ্চয় আপনারা জানেন।
এভাবে আমাদের সংস্কৃতিচর্চার জায়গাগুলোতে বারবার আঘাত করা হচ্ছে। কেন? যারা এই কাজটি করছে তারা নিশ্চয় কারও না কারও সন্তান। কারও না কারও ভাই, বন্ধু। তারা কি তাদের পারিবারিক বন্ধনে বড় হয়নি? সেই শিক্ষা, সেই চর্চা কি তাদের ছুঁয়ে যায়নি? তাহলে কেন এমন করবে?
আমার মা আমাকে ছোটবেলায় শিখিয়েছেন, যে শিল্পের সঙ্গে মধ্যবিত্তের যোগাযোগ নেই, সে শিল্প ত্বরান্বিত হয় না। তখন বুঝিনি। এখন বুঝি। এই শিল্পচর্চা কতটা জরুরি। আর তার সঙ্গে মধ্যবিত্তের যোগাযোগটা। তবে শুধু শিল্পচর্চাই নয়, একইভাবে আমাকে হুজুরের কাছেও পড়তে হয়েছে। আমি মুসলমান পরিবারের সন্তান। আমাকে ধর্মীয়ভাবে শিক্ষিত হতে হয়েছে।
ওই সময় আমাদের বাড়িসহ আশপাশের বাড়ি থেকে প্রতিদিন সকালে হারমোনিয়ামের আওয়াজ আসত। এখন কয়টা বাড়ি থেকে এমন আওয়াজ শোনা যায়?
আসলে কুশিক্ষা হটিয়ে দিতে পারে একমাত্র সাংস্কৃতিক চর্চা। এর কোনো বিকল্প নেই। আমার মা বলতেন, নিজের তো নয়ই, অন্য কারও ক্ষতি হয় এমন কিছু করবে না। আমরা ডেল কার্নেগির বাণী পড়ি। মা-বাবার একেকটা কথাও যে সে বাণীর চেয়েও মহামূল্যবান এটা বুঝতে হবে।
আমার পরামর্শ হলো, আমাদের স্কুল-কলেজের শিক্ষার সঙ্গে ‘নৈতিকতা’র শিক্ষাটাও দিতে হবে। আর দেশের যে পরিমাণ সিনেমা হল আছে, তার সংখ্যা বাড়াতে হবে। একটা সময় আমরা পরিবারসহ সিনেমা দেখতে যেতাম। এখন মধ্যবিত্ত পরিবার কি হলে যায়? আমি মা-বাবা ও খালার সঙ্গে প্রচুর সিনেমা দেখতে গিয়েছি।
আমার মনে হয়, শুধু জঙ্গির জায়গাটা নয়, সমাজের নানান জায়গায় অবক্ষয় হয়েছে। একটা খারাপ কাজকেও নানাভাবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমার বক্তব্য হলো, টাকায় ‘বড়লোক’ না হয়ে, শিক্ষায় ‘বড়লোক’ হওয়া খুব জরুরি। সব ধরনের শিক্ষায় যে মানুষ সমৃদ্ধ তাকে দিয়ে আর যাই হোক কোনো খারাপ কাজ হবে না। যার ভেতরে রবীন্দ্রনাথ, নজরুলের বসবাস, সে কী করে হাতে অস্ত্র তুলে নেবে?

আজাদ আবুল কালাম, অভিনেতা
মনের জানালাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে

আজাদ আবুল কালাম
আজাদ আবুল কালাম

শৈশবের একটি ব্যক্তিগত স্মৃতি দিয়ে শুরু করি। তখন ক্লাস টু বা থ্রিতে পড়ি। খেলছিলাম, পায়ের নিচে একটা ব্যাঙাচি পড়ে মরে গিয়েছিল। আমি ভয় পেয়ে গেলাম। দৌড়ে মায়ের কাছে চলে এলাম। বললাম, ‘মা, আমার পায়ের তলে একটা ব্যাঙাচি পড়ে মরে গেছে। আমার খুব দুঃখ হচ্ছে।’
আমার মা ধার্মিক মানুষ। মা বললেন, ‘এ জন্য তোমাকে ক্ষমা চাইতে হবে। এটা গুনাহ। তুমি প্রাণী হত্যা করেছ। আল্লাহর কাছে মাফ চাইতে হবে।’
আমি নিজের মতো করে ক্ষমা প্রার্থনা করি। মনে মনে বলি, ‘আমি ভুল করেছি। আর কখনো যেন এ রকম ভুল না হয়। গুনাহ না হয়।’
হঠাৎ করেই মনে পড়ল। এটা আসলে পারিবারিক শিক্ষার ওপর নির্ভর করে। এর মধ্যে সংস্কৃতি আছে। এর মধ্যে ধর্ম আছে।
একই রকম আরেকটা স্মৃতি। রাস্তায় পাঁচ টাকা কুড়িয়ে পেয়েছি। মাকে জিজ্ঞেস করলাম, ‘কী করব?’ মা বললেন, ‘পাঁচ টাকার বদলে ২৫ টাকা দিতে হবে। দণ্ডি। তিনি তাঁরই ব্যবস্থা করলেন।’
ঘর থেকেই মানুষের মূল্যবোধ তৈরি হয়।
আমার পড়াশোনা, সংস্কৃতির প্রতি আগ্রহ—সবকিছুরই প্রধান চালিকাশক্তি আমার মা। মায়ের আলমারিতে অনেক বই ছিল। যে বয়সে যে বই পড়ার কথা নয়, সে বই সে বয়সেই পড়ে ফেলেছি। খুব কম বয়সে শরৎচন্দ্রের দত্তা পড়ে ফেলেছি। মা জিজ্ঞেস করেছেন, ‘বুঝতে পারছিস?’ বলেছি, ‘একটু একটু।’ তিনি বলেছেন, ‘একটু একটু করেই একদিন সবটা বুঝতে পারবি।’
এখন সময় পাল্টে গেছে। এখন মনে হয় ঘর থেকে কিছুই শিখছি না। শিশুদের পিঠে বইয়ের বস্তা। জীবনের শুরু থেকেই ওদের নামিয়ে দিয়েছি প্রতিযোগিতায়। বাবা-মায়েরাও সেই প্রতিযোগিতায় নেমে পড়েছেন। মনের জানালাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। প্রথমেই বন্ধ করে দেওয়া হয়েছে সংস্কৃতির জানালা। ঘরে কিছুই শেখানো হয় না। নাচ, গান, আবৃত্তি কিংবা পরিবেশনা শিল্পের সবকিছুর প্রতিই অবহেলা। স্কুলগুলোর অবস্থাও কমবেশি একই রকম। এমনও তো শুনি, কোনো কোনো স্কুলে রেকর্ড করে জাতীয় সংগীত বাজানো হয়।
এ কথাগুলো মনে হলো, যখন দেখলাম শিক্ষিত ঘরের ছেলেরাও জঙ্গি হচ্ছে। মানবিকতা ভুলে যাচ্ছে। এই জঙ্গি করার ক্ষেত্রে আমাদের নিজেদের যেমন ভূমিকা আছে, তেমনি আছে বাইরের ইন্ধন। আমাদেরটা হচ্ছে সংস্কৃতিবিমুখতা, উদাসীনতা ও প্রতিযোগিতা। চ্যাম্পিয়ন হতে হবে বাচ্চাকে। ফলে যে ফাঁকটা তৈরি হয়েছে, তার মধ্য দিয়ে ঢুকে গেছে প্রতিপক্ষ, যারা আসলে ধার্মিক নয়, যারা আসলে ধর্মকে উপজীব্য করে বাচতে চায় এবং যাদের তুলনা চলতে পারে চোখ বাঁধা ষাঁড়ের সঙ্গে। ফলে ভীষণ গতিতে যেকোনো অন্যায় করতে তাদের বাধে না। আর এদের প্রতিপক্ষ মূলত মানবিকতা। এরা একটা ঘোরের মধ্যে থাকে। জগৎকে, জীবনযাপনকে এরা মনে করে অছিলা। মৃত্যু-উত্তর জীবনের একটা কল্পনা তাদের আছে, যেটি কোনো ধর্মগ্রন্থ আসলে সমর্থন করে না। সে রকম একটা জায়গার স্বপ্ন তারা দেখে। কেউ মনে করে জিহাদ, কেউ উগ্রপন্থায় বিপ্লব। এটা একধরনের ইউটোপিয়ান চিন্তা।
আমাদের সংস্কৃতিকর্মীদের দায়িত্বের কথা বলা হলে আমার নিজের মনে হয়, শৈশব থেকে প্রতিটি শিশুকে মানবিক করে তোলা দরকার। তাদের মানবিকতার দীক্ষা দেওয়া দরকার। ওই দীক্ষা সেই দীক্ষা, যার কারণে ব্যাঙাচি পদদলিত করলে দুঃখ পাওয়ার অনুভব আসে মনে। অথবা উড়তে পারে না যে পাখি, সে পাখি যদি আহত হয়, তাহলে শিশু যেন দুঃখ পায়।
সংস্কৃতিকর্মীরা এই কাজ করছেন। তাঁরা মেধাবী। তাঁরা নানাভাবে নানা আঙ্গিকে এই কাজটা করতে সক্ষম। এটা অনেকটা চাপাতির বিরুদ্ধে শৈশবকাল থেকে প্রতিরোধ। জাতি হিসেবে আমাদের ভেতরে কিছু কিছু অসভ্যতার চর্চা এখনো আছে, তবে বিশ্বের কাছে পুরো জাতি যেন অসভ্য জাতি হিসেবে চিহ্নিত না হয়। এই রক্ষাকবচ সবারই বুকে ধারণ করা উচিত।

তাহসান, গায়ক ও অভিনেতা
পারিবারিক বন্ধনটা খুব জরুরি

তাহসান
তাহসান

শুরুটা পরিবার থেকে হতে হবে। বাবা-মাকে মানবিকতার শিক্ষা আর সব মানুষকে শ্রদ্ধার শিক্ষা দিতে হবে। শিক্ষকদের জ্ঞানের পরিধি বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানসিক প্রশান্তি লাভের শিক্ষা দিতেও জানতে হবে। সমাজের প্রতি স্তরে সহনশীলতা আর পারস্পরিক শ্রদ্ধাকে গুরুত্ব দিতে হবে। এই কথাগুলো বুলির মতো না শিখিয়ে বড়দের চর্চা করতে হবে, যাতে ছোটবেলা থেকে এই ধারণাগুলো সবার মাথায় ঢোকে।
ধর্ম শিক্ষা যেন ধর্মের প্রকৃত উদারতার শিক্ষা দেয় আর ঘৃণার প্রচার না করে তা প্রতিষ্ঠা করতে হবে।
মোট কথা, মা-বাবাকে সন্তানকে সময় দিতে হবে। তাদের সঙ্গে থাকতে হবে দারুণ একটা বন্ধন। যাতে উগ্রতার কোনো বীজ তার কানে এলে মা-বাবার সঙ্গে সহজেই শেয়ার করতে পারে। আলোচনা করতে পারে। কিন্তু যদি উল্টো ঘটনা ঘটে, মানে, বাবা-মার সঙ্গে দূরত্ব বা ওই বন্ধনটা না থাকে তাহলে সমস্যা দেখা দেবে। বড় কথা হলো, সবকিছু শেয়ার করার নিরাপদ আশ্রয় হবে বাবা-মা।
এসবের পাশাপাশি ছোটবেলায় আমার বাবা-মার কাছ থেকে আরও একটা ব্যাপার শিখেছি, তা হলো, আমি যা বুঝি বা বিশ্বাস করি তা ঠিক, কিন্তু সেটি কারও ওপর চাপিয়ে দেওয়ার অধিকার আমার নেই। তাই চাপিয়ে দেওয়ার ব্যাপারটা আমাদের এড়িয়ে চলতে হবে। কোনো ব্যাপারে জোর না করাই ভালো। আমার বিশ্বাস, আমার ধ্যানধারণা আমার কাছেই থাকুক। সেই সঙ্গে আরেকজনের বিশ্বাসের প্রতিও শ্রদ্ধা দেখাতে হবে। তাহলেই আমরা এই অস্থির সময়টা অতিক্রম পারব।
অনুলিখিত