সংস্কৃতিমন্ত্রীর কাছে আরমানের অনুরোধ

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের কাছে অনুরোধ করেছেন ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’ প্রতিযোগিতার মৌসুম ৯–এর রানারআপ কমরউদ্দিন আরমান। গতকাল বুধবার এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি অনুরোধ করে লিখেছেন, ‘অনেকে আমাকে পাগল বলতে পারেন। কিন্তু আমি বিশ্বাস করি, যদি প্রতিটি এলাকায় ছেলেমেয়েদের নাটক, আবৃত্তি, গান, কমেডিসহ সাহিত্য-সংস্কৃতি চর্চার ব্যবস্থা করা যায়, তাহলে তারা কখনো কুপথে যাবে না। সংস্কৃতি মানুষের অন্তরকে কলুষতা থেকে মুক্ত রাখে। দেশকে অপসংস্কৃতি মুক্ত করে আবহমান বাংলার বাংলা শিল্প–সংস্কৃতি প্রতিটা পাড়া–মহল্লায় ছড়িয়ে দিন।’
স্ট্যাটাস শেষে ফেসবুক বন্ধুদের অনুরোধ করেছেন সংস্কৃতিমন্ত্রীর কাছে তাঁর বক্তব্যটি পৌঁছে দেওয়ার।
স্ট্যাটাস প্রসঙ্গে কথা হয় আরমানের সঙ্গে। বলেন, ‘আমার গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়ায়। বাড়িতে গিয়ে মাঝেমধ্যেই আমার খুব হতাশ লাগে। কারণ, কোথায় কোনো সাংস্কৃতিক চর্চা নেই। ছেলেমেয়েরা বিপথে যাচ্ছে। তাই খুব মন খারাপ থেকে এমন স্ট্যাটাস দিয়েছি।’
আরমান ভারতীয় জি বাংলায় কমেডি–বিষয়ক রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’–তে অংশগ্রহণ করে রানারআপ নির্বাচিত হন। কমেডি করার পাশাপাশি তিনি গানের চর্চাও করেন।