‘কাঁধে ভারী ব্যাগ, তারপর স্কুল, অ্যাসাইনমেন্ট, হোমওয়ার্ক—এসবের চাপে একটি শিশুর শৈশবটাই তো থাকে না। এদের জীবনে তাহলে কোথায় সেই নদ-নদী, ফুল-পাখি, নাচ-গান-ছড়া-কবিতা-গল্প? আমরা কি তাদের মানবিক জীবন দিচ্ছি? একটি বিষয় আমি বারবার বলি, সেটা হলো জিপিএ-৫ নির্যাতন। এর চাপে পড়ে ছেলেমেয়েদের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এসব নিয়ে আমি শঙ্কিত। আমরা ছেলেমেয়েদের সুন্দর জীবন দিচ্ছি না।’ বলছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। গতকাল দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় সংস্কৃতিমন্ত্রী এসব কথা বলেন। সংস্কৃতি মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে তিনি জানান রাজধানীর হাতিরঝিল এলাকায় সরকারের একটি সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার কথা। মন্ত্রী বলেন, ‘সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতাকে রুখতে পারে সংস্কৃতি। যে মানুষ সংস্কৃতিচর্চা করে, সে কখনো সাম্প্রদায়িক হতে পারে না।’
আসাদুজ্জামান নূর বললেন, ‘আমরা উপজেলা পর্যায়ে মুক্তমঞ্চ তৈরি করছি। ভবিষ্যতে যেন সেখানে মিলনায়তন নির্মাণ করা যায়, তার জন্য কিছু জায়গা খালি রাখা হয়েছে।’ ১০ কোটি টাকা নিয়ে শিল্পীকল্যাণ তহবিলের যাত্রা শুরু হতে যাচ্ছে বলেও জানান মন্ত্রী।
সংস্কৃতি অঙ্গনের অবকাঠামোগত উন্নয়ন সম্পর্কে মন্ত্রী বলেন, ‘১০-১৫ বছরে অনেক অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। একসময় অনেক সুযোগ-সুবিধা না থাকলেও আমরা সংস্কৃতিচর্চা করেছি। এখন প্রতিটি জেলায় শিল্পকলা একাডেমী আছে, সুযোগ-সুবিধা আছে।’
মন্ত্রী বলেন, সংগীতশিল্পী শচীন দেববর্মনের বাড়িতে ও চট্টগ্রামের মুসলিম হলে কালচারাল কমপ্লেক্স নির্মাণ করা হবে। এ ছাড়া ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম নির্মাণ করা হবে।
শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীসহ সংস্কৃতি মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা এ সভায় উপস্থিত ছিলেন। সাংবাদিকেরা বিভিন্ন বিষয়ে তাঁদের দাবির কথা জানালে মন্ত্রী তা পূরণের আশ্বাস দেন।