সকালে ঘুম থেকে উঠে পুকুরে লাফ দিতাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>ঈদ মানে খুশি, ঈদ মানেই আনন্দ। তবে গ্রাম ও শহরের ঈদ উদ্‌যাপনে আছে তফাত। সঙ্গে ঈদের আনন্দ উত্সবের বহিঃপ্রকাশেও আছে ভিন্নতা। গ্রাম ও শহরের ঈদ উদ্‌যাপনের আনন্দস্মৃতি নিয়ে চলেছেন অভিনেতা তারিক আনাম খান। তাঁর কাছ থেকে স্মৃতিগুলো শুনেছেন শফিক আল মামুন
তারিক আনাম খান
তারিক আনাম খান

২০ থেকে ২২ বছর বয়স পর্যন্ত গ্রামেই ঈদ করেছি। ছোটবেলায় রোজার ঈদের সময় শেষের দুই রোজা রেখে ঈদের প্রস্তুতি নিতাম। বাড়িতে আগে থেকেই দুধ এনে রাখা হতো। হাতে সেমাই, চালের গুঁড়া দিয়ে সরু পিঠা তৈরির ধুম পড়ত। ঈদের দিনের জন্য আগেই মাংসের বায়না দেওয়া হতো। নতুন জামাকাপড় কখন হাতে পাব, তার জন্য ঈদের তিন-চার দিন আগে থেকেই টেইলারের দোকানে গিয়ে বসে থাকতাম। আমাদের সাতক্ষীরার রসুলপুর গ্রামের পাশে একটা বড় মাঠ ছিল। ঈদের চাঁদ দেখার জন্য আগের দিন গ্রামের সবাই মাঠে চলে যেতাম। চাঁদ ওঠার খবর শোনার জন্য রেডিওর সামনে বসে থাকতাম।

ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে পুকুরে লাফ দিতাম। আমরা ছোটরা হইহুল্লোড় করে সারা পুকুর দাপিয়ে বেড়াতাম। তাড়াতাড়ি গোসল শেষ করতে মা-বাবার বকাও কম খাইনি। এরপর নতুন জামাকাপড় পরে বাবার সঙ্গে ঈদের মাঠে যেতাম। ঈদের দিন বিকেল পর্যন্ত আর বাড়ি ফেরা হতো না। পূর্ব ও পশ্চিম পাড়া নিয়ে আমাদের গ্রাম। ঈদের নামাজ পড়েই দল বেঁধে দুই পাড়ার প্রতিটি বাড়িতে বাড়িতে ঘুরতাম। খাওয়াদাওয়া করতাম।

তবে ১৯৭১ সালের একটি ঈদ আমার জন্য খুব মন খারাপের ছিল। তখন আমি মুক্তিযুদ্ধ করতে ৯ নম্বর সেক্টরে ছিলাম। বশিরহাটের মুক্তিযুদ্ধ সহায়ক ক্যাম্পে সেবার ঈদ করেছিলাম। সেদিন মা-বাবার কথা খুব মনে পড়ছিল। মা-বাবা ছাড়া ওই ঈদ উদ্‌যাপন করতে খুব কষ্ট হয়েছিল।