সক্রেটিসের জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নাটকের দল দৃশ্যপটের জনপ্রিয় প্রযোজনা সক্রেটিসের জবানবন্দি নাটকটি এবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হলো। বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘নৈতিকতা এবং সংস্কৃতি’ বিভাগের একটা অংশ হিসেবে নাটকটি অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই বিভাগের প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য নাটকটি বিষয় হিসেবে বাধ্যতামূলক করা হয়েছে। বার্ষিক তিনটি সেমিস্টারের জন্যই নাটকটির প্রদর্শনী করা হবে। দৃশ্যপটের প্রধান সমন্বয়ক ও সক্রেটিস চরিত্রে রূপদানকারী আলী মাহমুদ বলেন, ‘আমি মনে করি, এই নাটকটি দেখানোর মাধ্যমে সক্রেটিসের জীবনবোধ ও নৈতিকতা সহজেই ছাত্রছাত্রীদের মাঝে পৌঁছানো সম্ভব।’ কীভাবে এ নাটকটি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ হলো—জানতে চাইলে আলী মাহমুদ বলেন, ‘ওই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক নাটকটির একটা প্রদর্শনী কোথাও দেখেছিলেন। এরপর গত বছর বিশ্ববিদ্যালয়ের সাভার ক্যাম্পাসে আমাদের একটি প্রদর্শনীর জন্য আমন্ত্রণ জানান। শিক্ষক, ছাত্রছাত্রী সবাই-ই নাটকটির প্রদর্শনী দেখেন। দেখার পর তাঁরা খুবই খুশি হন। কিছুদিন পর আমাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যোগাযোগ করে। নাটকটি তাঁদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে প্রস্তাব দেয়। আমরা তাঁদের এই আগ্রহকে সম্মান জানিয়ে রাজি হই।’এদিকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার পর প্রথম সেমিস্টারের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাটকটির প্রথম প্রদর্শনী হবে ৮ জুন। শিশির কুমার দাশের লেখা নাটকটির নির্দেশনা দিয়েছে দৃশ্যপট পরিচালনা পর্ষদ। নাটকটিতে অভিনয় করেছেন নেহাল আহমেদ, আলী মাহমুদ, পিকলু বকশি, পারভেজ আকতার, যশ যায়েদী, রণদা প্রসাদ, রাহাত, অনন্ত, জামাল, জয়ন্ত প্রমুখ।