এরপরও সঙ্গে আছি...

সন্ধ্যায় হঠাৎ করে আসা ঝড়ই সবকিছু ওলোট-পালট করে দিয়েছিল। ঠিক সময়ে খেলা শুরু হতে পারেনি। তারপরও সীমিত ওভারের খেলা হলো। মাঠে খেলেছেন ক্রিকেটাররা। আর মাঠের বাইরে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অকুণ্ঠ সমর্থন জুগিয়েছেন সমর্থকেরা। এই দলে ছিলেন বিনোদনজগতের তারকারাও। শুধু কি সমর্থন! বেশির ভাগ তারকাই ফেসবুকে বিসিবির দেওয়া প্রোগ্রামের মাধ্যমে নিজের প্রোফাইল ছবি পরিবর্তন করেছেন। এশিয়া কাপের ফাইনালে এসে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হলেও সেই সমর্থনে ভাটা পড়েনি।
অভিনয়শিল্পী জয়া আহসান, চঞ্চল চৌধুরী, পূর্ণিমা, তুষার খান, তাজিন আহমেদ, অপূর্ব, অমিত হাসান, নওশীন, মুমতাহিনা টয়া, সংগীতশিল্পী ফাহমিদা নবী, আইয়ুব বাচ্চু, হাসান, বাপ্পা মজুমদার, তপু, মিনার, উপস্থাপক ও অভিনেত্রী নাবিলাসহ অনেকেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে সমর্থন করে বদলে ছিলেন নিজেদের প্রোফাইল ছবি। অবশ্য তাঁদের বাইরে আরও অনেক শিল্পীই বাংলাদেশের খেলোয়াড়দের উৎসাহ জোগাতে ছুটে গেছেন মাঠ পর্যন্ত। আবার টিকিটের হাহাকার থাকায় অনেকে ঘটা করে বন্ধুদের নিয়ে খেলা দেখেছেন ঘরে।
মডেল ও অভিনয়শিল্পী মুমতাহিনা টয়া, লাক্স তারকা নাদিয়াসহ তাঁদের বন্ধুরা মিলে গুলশানের একটি রেস্তোরাঁয় খেলা দেখার আয়োজন করেছিলেন। সেখানে নিজেরাই উদ্যোগী হয়ে বসিয়েছিলেন প্রজেক্টর। টয়া বললেন, ‘আমি মাঠে গিয়েই খেলা দেখি। কিন্তু এবার সে সুযোগ ছিল না। হেরে যাওয়ার পর খারাপ লেগেছে। তবে বাংলাদেশের খেলোয়াড়দের সমর্থন করা কিন্তু বাদ দিইনি আর এই এক হারেই কিন্তু সেই সমর্থনটা বদলে যাবে না। সব সময় আছি, থাকব।’
চঞ্চল চৌধুরী বললেন, ‘আমার চাওয়া ছিল বাংলাদেশ জিতুক। সেই চাওয়াটা অপূর্ণ থেকেছে। শুধু খেলা দেখার জন্য আজ (রোববার) কোনো শুটিং রাখিনি। যাই হোক বাংলাদেশের পাশে আছি সব সময়।’
চঞ্চল চৌধুরীর মতো অনেক তারকাই গতকাল শুটিংয়ে অংশ নেননি। খেলা দেখার আয়োজন করেছেন দিনভর। আর দিন শেষে বসেছেন টিভির সামনে। তাঁরা চেয়েছিলেন বিজয়ের সাক্ষী হতে। সেটা হয়নি। তাই বলে কি প্রশ্নবাণে বিদ্ধ করবেন প্রিয় খেলোয়াড়দের? কখনোই না। ব্যাখ্যা করলেন পূর্ণিমা। বললেন, ‘সবার মতো আমারও চাওয়া ছিল বাংলাদেশ জিতুক। তাই হেরে যাওয়ায় খারাপ লাগছে। কিন্তু আমি খেলোয়াড়দের নিয়ে বাজে সমালোচনা করার পক্ষপাতী নই। কারণ হার-জিত খেলাতে থাকবেই। এই মানসিকতা নিয়েই আমি খেলা দেখতে বসেছিলাম।’