সজল যখন অশ্রুসজল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘাড়ের ব্যথায় কাতর সজল। এবারের মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানের আগের রাতের কথা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্র থেকে মহড়া করে সহশিল্পী সারিকার বাড়িতেও মহড়া করতে গিয়েছিলেন সজল। ‘বাহির বলে দূরে থাকুক’ গানের সঙ্গে পরের দিন নাচ, সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ ভালো করতেই হবে। কিন্তু অবাধ্য ঘাড় তো আর কাজ করে না। অনুষ্ঠানের দিন ঘুম থেকে উঠে সজল বুঝতে পারেন, ‘ঠ্যালার নাম বাবাজি! ব্যথা কারে কয়!’ ওষুধ খেয়ে কোনোমতে পারফরম করে গেছেন, কিন্তু সেই ব্যথা এখনো ভালোবেসে (!) সজলের সঙ্গে রয়ে গেছে। কষ্ট করে ভালোবাসার কাজ করতে অবশ্য সজলের এক বিন্দু ‘না’ নেই। আর এই ‘ভালোবাসার কাজ’ হচ্ছে অভিনয়। খুব বেশি দিন নয়, তিন বছর আগেও সজল সিদ্ধান্ত নিয়েছিলেন, অভিনয় তাঁর জন্য নয়। ‘যা আমাকে দিয়ে হবে না, সেটা করে তো লাভ নেই।’ সজল ফিরে তাকান স্মৃতির জানালায়, ‘২০০১ সালে আমি মিডিয়ায় এসেছি। তবে খুব কম কাজ করতাম। পরিবারের ধারণা ছিল, মিডিয়ায় কাজ করলে পড়াশোনা গোল্লায় যাবে। ঠিকমতো পড়াশোনা শেষ করব, পাস করে নয়টা-পাঁচটা চাকরি করব, এটাই ছিল তাদের স্বপ্ন। প্রথমে এ কারণে সবাইকে না জানিয়েই কাজ শুরু করি। দু-একটা কাজ জনপ্রিয় হওয়ার পর বাসা থেকে একটু শিথিল হয়। ২০০৪ সালে প্রথম নাটক করি। এরপর আবার দুই বছর বিরতি। বাসা থেকে বলা হলো, পড়াশোনার শেষ পর্যায়ে কোনো কাজ করা চলবে না। বাধ্য ছেলের মতো পড়াশোনা শেষ করলাম। একটা রিসার্চ ফার্মে চাকরিও শুরু করলাম। একটা সময় অনুভব করলাম, এসব চাকরি আমার জন্য নয়। কিন্তু কী আমার জন্য, তাও জানতাম না। অভিনয়টা পারি না, মজাও পাই না, এ কারণে করতেও চাইতাম না। একটা সময় আফজাল (হোসেন) আঙ্কেল আমাকে তাঁর বাসায় নিয়ে গেলেন। হীরাফুল ধারাবাহিকের স্ক্রিপ্ট পড়ে শোনালেন। বোঝালেন, যদি তুমি ঠিকমতো করতে পারো, করো। না পারলে কোরো না। কিন্তু চেষ্টা করে দেখো। ভাবলাম চেষ্টা করতে ক্ষতি কী! শুটিং করতে গিয়ে আরেক হ্যাপা। এত কঠিন স্ক্রিপ্ট, একটা শট ১০ বারেও ওকে হতো না। তবে ওই একটা ধারাবাহিক নাটক করতে গিয়েই নিজের ভেতর অন্য রকম একটা অনুভূতি আবিষ্কার করলাম—হ্যাঁ, আমি অভিনয়কে ভালোবাসতে শুরু করেছি। সেই থেকে অভিনয়ের প্রতি প্রেম চলছে তো চলছেই।’অভিনেতা সজলকে আবিষ্কারের পেছনে আফজাল হোসেন এবং মা আলভী আহমেদের প্রধান ভূমিকা থাকলেও অভিনেতা সজলকে এগিয়ে নেওয়ার পেছনে পরিচালক আলভী আহমেদ, কৌশিক শংকর দাস, মাসুদ হাসান উজ্জ্বল, দীপঙ্কর দীপন, আশরাফুল আলম রিপন, আশরাফী মিঠু, আফসানা মিমি, মনিরুল ইসলাম মাসুমের নামও শ্রদ্ধাভরে স্মরণ করেন সজল। ইদানীং বোকা বক্সের জনপ্রিয় অভিনেতা হিসেবে তাঁর নামটি চলে আসার পেছনেও কয়েকটি নাটককে মাইলস্টোন হিসেবে উল্লেখ করেন তিনি মুনিরা মফস্বলে, কুসুম ও মূর্খ মফিজের গল্প, হয়তো বা ভালোবাসা, ছায়াফেরী, টেম্পু, অচলা, বিবাহ, নীলাঞ্জনা, সেভেন ডেজ, পর।ছোট পর্দায় সাফল্য অর্জন করে বড় পর্দায়ও পা রেখেছেন সজল। নিঝুম অরণ্যে এখন প্রেক্ষাগৃহে চলছে। এ ছবি নিয়ে সজলের মধুর স্মৃতি, ‘ছবিতে নায়িকা বাঁধনের ডাবিং করেছিলেন আফসানা মিমি আপু। ডাবিং শেষ হওয়ার পর মিমি আপু বলেছিলেন, সজল, তোর কাজ ভালো হয়েছে।’ যাঁদের অভিনয় দেখে বড় হয়েছি, তাঁদের কাছ থেকে প্রশংসা পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। সাফল্যের স্মৃতি হাতড়াতে গিয়ে কিছুটা আবেগী হয়ে পড়েন সজল। সুযোগ পেয়ে প্রশ্ন করি, সজলের নাম সজল কেন? এক গাল হেসে সজল ঝটপট উত্তর দেন, ‘জলের সঙ্গে বর্তমান তাই।’ সজল কি তবে খুব আবেগী? ‘কিছুটা তো বটেই। বিশেষ করে ছোটবেলায় বেশ অভিমানী ছিলাম।’ সজল অশ্রুসজল হন কখন? প্রশ্ন শুনে কিছুক্ষণ চুপ সজল। পরক্ষণেই মনের ভাব গুছিয়ে উত্তর দেন, ‘যখন একান্তই নিজের মধ্যে থাকি। কাল যেমন সহকারী পরিচালক আনিসের লাশ দেখতে গেলাম। ছেলেটার সঙ্গে এমন নয় যে আমার খুব ঘনিষ্ঠতা ছিল। কিন্তু লাশ দেখতে গিয়ে আনিসের অসম্ভব হাসি-খুশি মুখটা ভেসে উঠল। তখন আর নিজেকে আটকে রাখতে পারিনি।’