সজল-রোমানার 'ভালোবাসার গল্প'

‘ভালোবাসার গল্প’ টেলিছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সজল ও রোমানা। আজ বৃহস্পতিবার রাতে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে এমরান খান রচিত ও পরিচালিত এ টেলিছবিটি।
সজল জানিয়েছেন, ‘টেলিছবিটির শুটিং করেছিলাম বছর খানেক আগে। তখন ছিল শীতকাল। পুরো শুটিংয়ে আমরা অনেক মজা করেছিলাম।’
‘ভালোবাসার গল্প’ টেলিছবিতে সজল এবং রোমানা ছাড়া আরও অভিনয় করেছেন মাসুম আজিজ, শিরিন বকুল প্রমুখ। আজ রাত ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে এটি।
‘ভালোবাসার গল্প’ টেলিছবিতে সজলকে একজন মিউজিক কম্পোজার হিসেবে দেখা যাবে। তিনি এক বন্ধুর কাছ থেকে নম্বর পেয়ে ফোন করেন রোমানাকে। অপরিচিত হলেও কথা বলতে বলতে এক পর্যায়ে তাঁদের প্রেম হয়ে যায়। সজল ঢাকায় আর রোমানা মফস্বলে থাকার কারণে তাঁদের দেখা হয় না।
এদিকে রোমানার বাবা তাঁকে অন্য এক ছেলের সঙ্গে বিয়ে দিতে চাইলে রোমানা তা প্রত্যাখ্যান করে ঢাকায় চলে যান। সজলের সঙ্গে দেখা করেন তিনি। তবে রোমানা জানতেন না যে, সজল ভিন্ন ধর্মাবলম্বী। কথায় কথায় সেটা জানার পর মানসিকভাবে ভেঙে পড়েন রোমানা। সজল আশ্বস্ত করেন, তিনি কখনো রোমানাকে ছেড়ে যাবেন না।