সজল-শখের 'জিরো আওয়ার'

‘জিরো আওয়ার’ নাটকে জুটি বেঁধে অভিনয় করলেন ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা অভিনয়শিল্পী সজল ও শখ। হাবিব জাকারিয়া উল্লাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন অনন্য ইমন।
এ প্রসঙ্গে পরিচালক অনন্য ইমন বলেন, ‘নাটকটির গল্পে অনেক চমক আছে। কাজটি সজল এবং শখ অনেক যত্ন নিয়ে করেছেন। আমরা তিন দিন ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির শুটিং করেছি। আশা করছি দর্শকদের নাটকটি অনেক ভালো লাগবে।’
‘জিরো আওয়ার’ নাটকের গল্পে দেখা যাবে, বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই সহপাঠীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু মেয়েটি তাঁদের সম্পর্কের পরিণতি চায় না। সে ছেলেটিকে বিয়ে করতে রাজি হয় না। শুধু পাশাপাশি থাকতে চায় সারা জীবন। বিষয়টি নিয়ে তাঁদের বন্ধুদের মধ্যে এক ধরনের কৌতূহল সৃষ্টি হয়। অনেক দিন পর জানা যায়, মেয়েটি কেন এ রকম করেছিল।
নির্মাতা সূত্রে জানা গেছে, ‘জিরো আওয়ার’ নাটকটি ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।