সজাগ ও সংস্কৃতিসেবী মহলেই চলছে ভাষার নৈরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মিউজিক ক্লাব’ অনুষ্ঠানে গান গেয়েছিলেন আসগর আলীম
‘মিউজিক ক্লাব’ অনুষ্ঠানে গান গেয়েছিলেন আসগর আলীম

আমরা এবারের টিভি আলোচনা শুরু করব একটি গানের অনুষ্ঠান দিয়ে। ১৪ জুন রাত সাড়ে ১১টায় বাংলাভিশনে প্রচারিত হলো সরাসরি গানের অনুষ্ঠান ‘মিউজিক ক্লাব’। অনুষ্ঠানটি যতবারই দেখি, ততবারই মনে প্রশ্ন জাগে, নামটি ‘মিউজিক ক্লাব’ হলো কেন? এ অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পীরা বাংলা গান পরিবেশন করছেন, অথচ নাম মিউজিক ক্লাব। মিউজিক ক্লাবের বিকল্প বাংলা শব্দ কি নেই! গণমাধ্যমের মতো সজাগ ও সংস্কৃতিসেবী মহলেই যদি চলে ভাষার এমন নৈরাজ্য, তাহলে সুস্থ বিবেক ও চিন্তা-চেতনা আমরা খুঁজে পাব কোথায়? এটি কেবল সুনির্দিষ্ট কোনো চ্যানেলে নয়, এ প্রবণতা আমরা লক্ষ করছি অনেক চ্যানেলেই।
এবারের ‘মিউজিক ক্লাব’-এর শিল্পী ছিলেন প্রখ্যাত লোকসংগীতশিল্পী আব্দুল আলীমের পুত্র আসগর আলীম। তিনি অনেকগুলো গান পরিবেশন করেছেন। অধিকাংশই ৪০-৫০ বছর আগে তাঁর বাবার গাওয়া জনপ্রিয় গান। যেমন অনুষ্ঠানে প্রথম গানটিই ছিল, ‘আমার প্রাণের প্রাণ পাখি’ কিংবা ‘কেহই করে বেচাকেনা কেহই কান্দে রাস্তায় পড়ে’ ইত্যাদি। তাঁর কণ্ঠ ও পরিবেশনা দুটিই ছিল সাধারণ মানের। তিনি নিজস্ব কোনো ক্ষেত্র বা বৈশিষ্ট্য এখনো অর্জন করতে পারেননি, যে কারণে শ্রোতা-দর্শক মহলেও গড়ে ওঠেনি তাঁর তেমন কোনো গ্রহণযোগ্যতা। পূর্ব প্রজন্মের শিল্পীর পুত্র, কন্যাদের অনেককেই আমরা বর্তমানে শিল্পী হিসেবে পেয়েছি। যাঁদের অধিকাংশই আজ খ্যাতিমান ও সুপ্রতিষ্ঠিত। তাঁদের এই খ্যাতি ও প্রতিষ্ঠার পেছনে রয়েছে কঠোর সাধনা এবং স্বকীয় বৈশিষ্ট্য। শিল্পী আসগর আলীমকেও এ ব্যাপারে সজাগ ও যত্নবান হতে হবে। বাবার বৃত্তের বাইরে এসে তাঁকে গড়ে তুলতে হবে সাধনার নিজস্ব পথ।
এবারে অনুষ্ঠান সম্পর্কে দুকথা বলা যাক। ‘মিউজিক ক্লাব’ ছিল সরাসরি প্রচারিত গানের অনুষ্ঠান। কিন্তু তিনটি গান পরিবেশনের পরেই দেখা গেল, কোনো ঘোষণা ছাড়াই অনুষ্ঠান বন্ধ করে শুরু হলো টক শো এবং আধঘণ্টা টক শো চলার পর আবার শুরু হলো মিউজিক ক্লাব। সরাসরি গানের অনুষ্ঠান থামিয়ে অন্য অনুষ্ঠান প্রচার, তারপর আবার সরাসরি অনুষ্ঠানে ফিরে যাওয়া, এটা কী ধরনের অনুষ্ঠান পরিকল্পনা, বুঝলাম না।
১৬ জুন রাত ৯টা ৪০ মিনিটে আরিফ এ আহনাফের পরিচালনায় দেশ টিভিতে প্রচারিত হলো ছুটির দিনের নাটক হ্যালো আব্বাজান। নাটকের গল্পটি সংক্ষেপে এ রকম, পুরান ঢাকার খানদানি ব্যবসায়ী রহমত আলী তাঁর ছেলে সজলের প্রেম বা বিয়ের কথা কানে তুলতে পারেন না। তার কারণ, স্ত্রীর মৃত্যুর পর ছেলেই তাঁর একমাত্র অবলম্বন ও নিঃসঙ্গতার সঙ্গী। সজলের প্রেমিকা বাসায় এলে সে তাকে অপমান করেন এবং দূর দূর করে তাড়িয়ে দেন। উপায়ান্তর না দেখে সজল ও তাঁর প্রেমিকা ফন্দি আঁটে, বাবাকে একটি নেশায় জড়াতে হবে। যেমন চিন্তা তেমন কাজ। অল্পদিনেই ফেসবুকের নেশায় ডুবে যান রহমত আলী। আর তিনি বান্ধবী হিসেবে খুঁজে পান সজলের প্রেমিকারই ছোট খালাকে। তারপর তিনি ধীরে ধীরে ভুলে যান দিন দুনিয়ার অনেক কিছুই। ফেসবুক বান্ধবীকে ঘিরে বাবা রহমত আলীর জীবনেও দেখা দেয় প্রেম, বিরহ আবার প্রেম। এরপর তিনি বাস্তবতা অনুধাবন করে ছেলে সজল ও তার প্রেমিকাকে মেনে নেন। শেষ হয় সব জটিলতা।
এক কথায় বলা যায়, গল্পটি বেশ মজার এবং অভিনব। বর্তমান সামাজিক বাস্তবতার নিরিখে নাটকটিতে ফেসবুককে বেশ ব্যঙ্গই করা হয়েছে। কিন্তু নাটকের পরিণতি যেভাবে দেখানো হয়েছে, তাতে আবার লেখক ও নির্মাতা অবচেতনে ফেসবুকের উপযোগিতাকেই তুলে ধরেছেন। আরেকটি কথা, নাটকটির বিষয় ও উপস্থাপনা মজার হলেও তা বাস্তবানুগ হয়নি। কারণ, পুরান ঢাকার একজন ব্যস্ত ব্যবসায়ী রহমত আলী, যিনি নিয়মিত গদিতে বসেন, তাঁর হাতে রাতারাতি ল্যাপটপ, ফেসবুক, ধরিয়ে দেওয়া মোটেই বাস্তবসম্মত ও বিশ্বাস্য মনে হয়নি। বরং বলা যায়, পুরান ঢাকার প্রেক্ষাপট না হয়ে অন্য কোনো প্রেক্ষাপট হলে এবং নিদেনপক্ষে বাবা একজন চাকরিজীবী হলেও হয়তো গল্পটি আরেকটু বিশ্বাসযোগ্য হতে পারত।
এবারে দুয়েকটি মন্তব্য। ১৬ জুন রাত ১২টায় মাজহারুল মজনুর রচনা ও পরিচালনায় একুশে টিভিতে প্রচারিত হয় নাটক জোছনা ঝরা কাব্য। দুর্বল গল্প, দুর্বল সংলাপ। নাটকের কাহিনি মনে হয়েছে ষাট দশকের প্রেক্ষাপটে লেখা সস্তা উপন্যাসের মতো। একুশে টিভির মতো চ্যানেলে এ ধরনের নাটক প্রচার অগ্রহণযোগ্য ও বেমানান।
১৫ জুন রাত ১১টায় তারিক মুহাম্মদ হাসানের রচনা ও পরিচালনায় এটিএন-এ প্রচারিত হলো টেলিছবি ব্ল্যাক ম্যাজিক। কাহিনি, সংলাপ, অভিনয় সবই অতি নিম্নমানের। কাহিনিরও কোনো আগামাথা নেই। এ ধরনের একটি টেলিছবি কী করে এটিএন-এর মতো একটি প্রতিষ্ঠিত চ্যানেলে প্রচার হলো, সেটাই ভাবার বিষয়।