সঞ্জয় আর মান্যতার চিঠি চালাচালি
অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত বলিউড তারকা সঞ্জয় দত্ত এখন সাজা খাটছেন পুনের কেন্দ্রীয় ইয়েরাওয়াড়া কারাগারে। সেখান থেকে প্রতিদিন স্ত্রী মান্যতাকে চিঠি লিখছেন। নিয়ম করে মান্যতাও প্রিয় মানুষটির প্রতিটি চিঠির জবাব দিচ্ছেন। মুম্বাই থেকে পুনের দূরত্ব প্রায় দেড় শ কিলোমিটার। কাজেই ইচ্ছা থাকলেও ঘন ঘন সেখানে গিয়ে সঞ্জয়ের সঙ্গে দেখা করা সম্ভব নয় মান্যতার পক্ষে। তার পরও কয়েকবার কারাবন্দী স্বামীর সঙ্গে দেখা করতে পুনে ছুটে গিয়েছেন মান্যতা। পরিবারের সবার কাছ থেকে অনেক দূরে থাকলেও সঞ্জয়ের মন পড়ে রয়েছে তাঁদের কাছে। সবার খোঁজখবর নিচ্ছেন। আর যোগাযোগের মাধ্যম হিসেবে তিনি বেছে নিয়েছেন চিঠি। জানা গেছে, চিঠির মাধ্যমে যমজ ছেলেমেয়ে শরণ ও ইকরার খবর জানতেই বেশ আগ্রহী সঞ্জয়। এ জন্য মান্যতা সবার আগে সন্তানদের কথা জানিয়ে দেন চিঠিতে। বাড়ির অন্যান্য খুঁটিনাটি বিষয়ও ঠাঁই পায় মান্যতার চিঠিতে। জি মিডিয়া ব্যুরো।