সঞ্জয়কে ক্ষমা করতে পারবেন রাজ্যপাল: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত আবেদন করলে তাঁকে ক্ষমা করে দিতে পারবেন ভারতের মহারাষ্ট্রের রাজ্যপাল কে শঙ্কর নারায়ণন। আজ শুক্রবার এ মন্তব্য করেছেন দেশটির আইনমন্ত্রী অশ্বিনী কুমার।বার্তা সংস্থা পিটিআই জানায়, এর আগে সঞ্জয় দত্তকে ক্ষমা করতে মহারাষ্ট্রের রাজ্যপালকে অনুরোধ জানান প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার প্রধান বিচারক মারকান্ডে কাটজু। অস্ত্র নিয়ন্ত্রণ আইনের এক মামলার রায়ে গতকাল বৃহস্পতিবার সঞ্জয়কে পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দেন ভারতের সুপ্রিম কোর্ট।মারকান্ডে কাটজুর অনুরোধের সূত্র ধরে অশ্বিনী কুমার বলেন, ‘সঞ্জয়ের পক্ষ থেকে আবেদন করা হলে রাজ্যপাল তাঁকে ক্ষমা করতে পারবেন। ক্ষমা করার এখতিয়ার তাঁর রয়েছে। এ ব্যাপারে আমাদের মন্তব্য করা ঠিক হবে না।’ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী মনীষ তিওয়ারি জানিয়েছেন, সঞ্জয়ের ব্যাপারটা কর্তৃপক্ষ গুরুত্ব দিয়েই বিবেচনা করবে। পার্লামেন্ট ভবনের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, কাটজু সুপ্রিম কোর্টের একজন প্রখ্যাত বিচারক। একটা বিষয়ে তিনি যে মতই দেন না কেন, সরকারের ভেতরে-বাইরের সবাই তা গুরুত্ব দিয়ে শোনেন।মহারাষ্ট্রের রাজ্যপাল শঙ্করকে লেখা এক চিঠিতে কাটজু উল্লেখ করেন, ‘১৯৯৩ সালে মুম্বাইয়ে সংঘটিত সিরিজ বোমা হামলার সঙ্গে সঞ্জয়ের সম্পৃক্ততা প্রমাণিত হয়নি। দোষ প্রমাণিত না হওয়া সত্ত্বেও এ মামলায় এখন পর্যন্ত যথেষ্ট দুর্ভোগ পোহাতে হয়েছে তাঁকে। ভারতের সংবিধানের ১৬১ ধারায় সঞ্জয়কে ক্ষমা করে দেওয়ার আবেদন করছি আমি।’কাটজু লেখেন, ‘২০ বছর আগের মামলায় সঞ্জয় এর মধ্যে ১৮ মাস জেল খেটেছেন। এই সময়টাতে ‘মুন্নাভাই’ সিরিজের ছবিসহ অনেক ভালো ছবি তিনি দর্শকদের উপহার দিয়েছেন। সঞ্জয় সংসারধর্ম পালন করছেন এবং বছর তিনেক আগে যমজ সন্তানের বাবা হয়েছেন। সবকিছু বিবেচনায় নিয়ে তাঁকে ক্ষমা করে দিয়ে মুক্তি দেওয়ার জন্য আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি।’ ১৯৯৩ সালের মার্চ মাসে মুম্বাইয়ে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি স্থানে ১২টি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়েছিল। সেসময় ওই ভয়াবহ বিস্ফোরণে মারা গিয়েছিলেন ২৫৭ জন। আহত হয়েছিলেন ৭০০ জনেরও বেশি। ভয়াবহ ওই সহিংসতা ঘটার পর বিস্ফোরণ মামলার সঙ্গে সম্পৃক্ততা এবং বাড়িতে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে ১৯৯৩ সালের এপ্রিল মাসে সঞ্জয়কে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ।এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে সঞ্জয় দত্তের বাড়ি তল্লাশি করে একটি একে-৫৬ রাইফেল ও একটি লাইসেন্সহীন নাইন এমএম পিস্তল খুঁজে পেয়েছিল পুলিশ। সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এবং অবৈধ অস্ত্র রাখার দায়ে তাঁকে গ্রেপ্তার করার পর মুম্বাইয়ের আর্থার রোড জেলে রাখা হয়েছিল।পরবর্তী সময়ে ২০০৬ সালে সঞ্জয়ের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগটি বাদ দেওয়া হয়। তবে আদালত তাঁকে অবৈধ অস্ত্র রাখার দায়ে ছয় বছরের কারাদণ্ড দিয়েছিলেন। পরে সুপ্রিম কোর্টে আপিল করলে জামিন পান সঞ্জয় দত্ত। সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ থেকে নিষ্কৃতি পেলেও গতকাল ২১ মার্চ ৫৩ বছর বয়সী জনপ্রিয় এ অভিনেতাকে অবৈধ অস্ত্র রাখার অপরাধে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। তাঁকে আগামী চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের আদেশও দিয়েছেন আদালত।এদিকে সঞ্জয় দত্তের আইনজীবীরা জানিয়েছেন, এ মামলায় সঞ্জয় দেড় বছর সাজা ভোগ করেছেন। এই হিসাবে আর সাড়ে তিন বছর কারাদণ্ড ভোগ করতে হবে তাঁকে। সঞ্জয় আদালতের রায় মেনে নিয়েছেন এবং জেল খাটতে প্রস্তুত আছেন।এ প্রসঙ্গে সঞ্জয়ের ভাষ্য, ‘বরাবরই আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, আছি এবং থাকব। এই সাজার মাধ্যমে আমাকে যদি আরও দুর্ভোগের দিকে ঠেলে দেওয়া হয়, তবে তা সয়ে নিতে আমাকে আরও অনেক বেশি শক্তি অর্জন করতে হবে। আমার বিশ্বাস, আমি তা পারব। অনেক কষ্ট হলেও আমাকে তা পারতে হবে।’