সঞ্জয়ের ক্ষমার বিরোধিতা করল শিবসেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্র মামলায় পাঁচ বছরের কারাদণ্ডাদেশ পাওয়া বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তকে ক্ষমা করা হলে তা সমাজে ভুল বার্তা পৌঁছে দেবে—এমন অভিযোগ তুলে তাঁর ক্ষমার বিরোধিতা করেছে ভারতের কট্টরপন্থী রাজনৈতিক দল শিবসেনা। এ প্রসঙ্গে শিবসেনার মুখপাত্র নিলম গোরহে বলেন, ‘সর্বোচ্চ আদালতের রায়কে পুনর্বিবেচনা করার দাবি তোলাটা ঠিক হচ্ছে না। সঞ্জয় দত্তকে ক্ষমা করে দেওয়া হলে তা সমাজে ভুল বার্তা পৌঁছে দেবে।’ এক খবরে এমনটিই জানিয়েছে পিটিআই।নিলম আরও বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সঞ্জয়কে ক্ষমা করে দেওয়ার দাবি তুলেছেন। কিন্তু তাঁকে ক্ষমা করা হলে এ ধরনের মামলায় অন্য আসামিদেরও ক্ষমা করে দেওয়ার দাবি ওঠার সুযোগ তৈরি হবে।’ বাড়িতে অবৈধ অস্ত্র রাখার দায়ে ২০ বছর আগের এক মামলায় ২১ মার্চ সঞ্জয়কে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত। রায় ঘোষণার পর থেকেই ‘খলনায়ক’খ্যাত সফল এ তারকাকে ক্ষমা করে দেওয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে।সঞ্জয়ের রায়ের খবর জানার পর তাঁর প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন বলিউডের অধিকাংশ তারকা, নির্মাতা থেকে শুরু করে অগণিত ভক্ত। তাঁকে ক্ষমা করে দেওয়ার পক্ষে মত দিয়েছেন বেশ কয়েকজন রাজনীতিবিদ ও চলচ্চিত্র ব্যক্তিত্ব। এমনকি সঞ্জয়ের পক্ষে মুক্তির আবেদন করেছেন প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার প্রধান বিচারক মারকান্ডে কাটজু। তিনি সঞ্জয়কে ক্ষমা করতে মহারাষ্ট্রের রাজ্যপাল শঙ্কর নারায়ণনকে অনুরোধ জানিয়ে একটি চিঠিও দিয়েছেন। ভারতে বিদ্যমান আইন অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ক্ষমা করে দেওয়ার কিংবা সাজার মেয়াদ কমানোর এখতিয়ার আছে রাজ্যপালের।