সঞ্জয়ের পাশে দাঁড়ালেন শত্রুঘ্ন ও মমতা
অস্ত্র মামলায় পাঁচ বছরের কারাদণ্ডাদেশ পাওয়া ‘খলনায়ক’ খ্যাত অভিনেতা সঞ্জয় দত্তকে ক্ষমা করে দেওয়ার পক্ষে অবস্থান নিলেন বলিউডের প্রখ্যাত অভিনেতা ও রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিকে ভারতের সুপ্রিম কোর্টের রায়ের প্রতি একাত্মতা প্রকাশ করে সঞ্জয়কে আবারও কারাগারে প্রেরণের পক্ষে অবস্থান নিয়েছে শত্রুঘ্নর ভারতীয় জনতা পার্টি। নিজের দল এমন সিদ্ধান্ত নিলেও, সঞ্জয়ের মুক্তির পক্ষেই মত দিয়েছেন বর্ষীয়ান এ অভিনয়শিল্পী। জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ। এ প্রসঙ্গে শত্রুঘ্নর ভাষ্য, ‘সঞ্জয়কে ক্ষমা করতেই হবে—আমি এমনটা বলছি না। সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতাও করছি না আমি। অবশ্যই আমরা দেশের প্রচলিত আইনকে শ্রদ্ধা করি। আমি শুধু বলতে চাই, নিজের কৃতকর্মের জন্য এর মধ্যেই অনেক ভুগতে হয়েছে সঞ্জয়কে। তিনি জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত নন। ইচ্ছা বা অনিচ্ছায় দুষ্টু চক্রের সঙ্গে সখ্য গড়ে উঠেছিল তাঁর। হয়তো তিনি ভুল করেছেন, কিন্তু তাঁর মনটা অনেক সাদা।’ শত্রুঘ্ন আরও বলেন, ‘আমার প্রত্যাশা, যদি কোনো পথ খোলা থাকে তবে সঞ্জয়কে যেন কারাগারে ঢোকানো না হয়। তাঁর মুক্তির ক্ষীণ আশা আমি দেখতে পাচ্ছি। সঞ্জয়কে ক্ষমা করে দেয়ার জন্য মহারাষ্ট্রের রাজ্যপালকে অনুরোধ করেছেন বিচারক কাটজু। তাঁর এই মতের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। তাঁর মতো আমিও সঞ্জয়ের মুক্তি দাবি করছি।’ প্রসঙ্গত, ভারতে বিদ্যমান আইন অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ক্ষমা করে দেওয়ার কিংবা সাজার মেয়াদ কমানোর এখতিয়ার আছে রাজ্যপালের।এদিকে এই প্রথম ভারতের কোনো মুখ্যমন্ত্রী সঞ্জয়ের পক্ষ নিয়েছেন। ২৫ মার্চ সোমবার মমতা ব্যানার্জি তাঁর ফেসবুক পাতায় লিখেছেন, ‘অতীতের কৃতকর্মের জন্য এর মধ্যেই যথেষ্ট ভোগান্তি পোহাতে হয়েছে সঞ্জয়কে। ধ্বংসের দ্বার প্রান্ত থেকে নিজেকে টেনে তুলে সফল ক্যারিয়ার গড়েছেন তিনি।’ মমতা আরও বলেন, ‘সঞ্জয়কে ক্ষমা করার ক্ষমতা আমার হাতে নেই। এই মুহূর্তে তাঁর বাবা সুনীল দত্তের কথা খুব মনে পড়ছে। কলকাতা এলেই তিনি আমার বাড়িতে আসতেন। নিঃসন্দেহে তিনি বেঁচে থাকলে সঞ্জয়কে যেন আর ভোগান্তি পোহাতে না হয় তার জন্য সবরকম চেষ্টা করতেন। আমার হূদয়েও সেই একই আবেগ প্রতিধ্বনিত হচ্ছে।’ বাড়িতে অবৈধ অস্ত্র রাখার দায়ে ২০ বছর আগের এক মামলায় ২১ মার্চ সঞ্জয়কে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। রায় ঘোষণার পর থেকেই ‘খলনায়ক’খ্যাত সফল এ তারকাকে ক্ষমা করে দেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। রায়ের খবর জানার পর সঞ্জয়ের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন বলিউডের অধিকাংশ তারকা, নির্মাতা থেকে শুরু করে অগণিত ভক্ত। তাঁকে ক্ষমা করে দেওয়ার পক্ষে মত দিয়েছেন বেশ কয়েকজন রাজনীতিবিদ ও চলচ্চিত্র ব্যক্তিত্ব।