সঞ্জয়ের ৫ ঘণ্টার সফর
বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের বাংলাদেশে আসার কথাটা গত এ সপ্তাহ ধরেই মিডিয়াতে চাউর হচ্ছিল। তাঁর সঙ্গে আসার কথা ফারদিন খান ও সুনীল শেঠির। একটি ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠানের বাংলাদেশে বাণিজ্যের সম্প্রসারণের জন্য তাঁদের বাংলাদেশে আসার কথা। তবে অন্য দুজন না এলেও সঞ্জয় দত্ত ঠিকই এসেছেন। গতকাল রোববার বিকেল পৌনে চারটায় জেট এয়ারওয়েজের বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন সঞ্জয় দত্ত। বিমানবন্দরে আনুষঙ্গিক কাজ সেরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনি পৌঁছান সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে। সাদা শার্ট এবং স্কাই কালারের জিন্স পরিহিত সঞ্জয় দত্তের আগমনে পুরো অনুষ্ঠানস্থল গমগম করে ওঠে। মঞ্চে ওঠার পরই মুন্নাভাই খ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত উপস্থিত সবার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। নিজের সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশ আমার বেশ লাগার একটি দেশ। এখানে আসতে পেরে আমার খুব ভালো লেগেছে।’ এরপর তিনি মঞ্চত্যাগ করে অনুষ্ঠানস্থলের বাইরে চলে আসেন। বেশ কিছুক্ষণ পর আবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন সঞ্জয়। তিনি বলেন, ‘বাংলাদেশে এটি আমার প্রথম সফর নয়। এর আগেও আমি দুবার বাংলাদেশে এসেছি। তবে সেটা ছিল খুব অল্প সময়ের জন্য। আমি ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লায় গিয়েছি। আমি বাংলাদেশের প্রচণ্ড ভক্ত। বাংলাদেশ এবং এখানকার মানুষকে আমি খুব ভালোবাসি।’ সবশেষে ‘জয় বাংলা’ বলে সঞ্জয় দত্ত বিদায় নেন। বিদায়ের আগে অবশ্য আবার বাংলাদেশে আসার ইচ্ছা পোষণ করেন সঞ্জয়। সাংবাদিকদের সঙ্গে কথা বলার পরই তিনি নিরাপত্তা বলয় পরিবেষ্টিত হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। রাত আটটা ৪৫ মিনিটে জেট এয়ারওয়েজের একই বিমানে করে সঙ্গীদের নিয়ে তিনি ব্যাংককের উদ্দেশে রওনা হন।